ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী পিএসজি, লুইস এনরিকের বিশেষ পরিকল্পনা
বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভেড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নরা ইতিমধ্যে বার্সেলোনার এই খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং কোচ লুইস এনরিকের অধীনে তার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে।
পিএসজির এই উদ্যোগের মূল চালিকাশক্তি খোদ লুইস এনরিকে। স্প্যানিশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার সময় থেকে তিনি ফেরান তোরেসকে খুব কাছ থেকে চেনেন। এনরিকে বিশ্বাস করেন, এই তারকার বহুমুখী দক্ষতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা ইউরোপীয় প্রতিযোগিতায় পিএসজিকে বেশ সহায়তা করবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, পিএসজি এবং খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে এরই মধ্যে আলোচনা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি এবং বার্সেলোনার সঙ্গে সরাসরি কোনো আলোচনাও শুরু করেনি পিএসজি, তবে প্যারিসের ক্লাবটি জানিয়ে দিয়েছে যে, ফেরান তোরেস দলে যোগ দিলে তাকে কীভাবে ব্যবহার করা হবে।
ফেরান তোরেসকে নিয়ে পিএসজির পরিকল্পনা কী?
লুইস এনরিকে এমন এক কৌশলের ওপর ভিত্তি করে দল সাজাচ্ছেন, যা গত মৌসুমে পিএসজির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গনসালো রামোস এসি মিলানে চলে যাওয়ার পর, পিএসজি এমন একজন আক্রমণভাগের খেলোয়াড় খুঁজছে, যিনি বেঞ্চ থেকে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন এবং দীর্ঘ মৌসুমে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পিএসজি তাকে সাধারণ ব্যাকআপ খেলোয়াড় হিসেবে নয়, বরং মূল রোটেশনাল খেলোয়াড় হিসেবে দেখছে। বড় ম্যাচগুলোতে তাকে নিয়মিত মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচ এনরিকের। সাধারণত হাই-প্রোফাইল ম্যাচগুলোতে ১৫ থেকে ২৫ মিনিট তাকে খেলানোর কথা ভাবা হচ্ছে, যাতে তিনি দলের একজন প্রভাবশালী সদস্য হিসেবে নিজেকে মেলে ধরতে পারেন। স্পেনে কোচ থাকাকালীন এনরিকে ফেরান তোরেসকে কখনো মাঝমাঠে আবার কখনো উইংয়ে ব্যবহার করে তার কার্যকারিতা প্রমাণ করেছেন।
বার্সেলোনার অবস্থান
ফেরান তোরেসের বিষয়ে বার্সেলোনার অবস্থান এখন পর্যন্ত অপরিবর্তিত। পিএসজির আগ্রহ সম্পর্কে ক্লাবটি অবগত, তবে ফেরান তোরেস নিজে কাম্প ন্যু ছাড়তে আগ্রহী কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনার সুযোগ কম। খেলোয়াড় যদি লুইস এনরিকের পরিকল্পনায় সাড়া দেন, তবেই কেবল বার্সেলোনা আলোচনার টেবিলে বসতে রাজি হবে।
তবে এই ট্রান্সফারের ক্ষেত্রে আর্থিক বিষয় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বার্সেলোনা ২৬ বছর বয়সী এই তারকার দাম নির্ধারণ করেছে প্রায় ৫০ মিলিয়ন ইউরো। পিএসজি এই পরিমাণ অর্থ দিতে আগ্রহী নয় বলে ধারণা করা হচ্ছে। ফলে এই স্থানান্তর সম্পন্ন করতে হলে দুই পক্ষকেই সমঝোতায় পৌঁছাতে হবে।
