রোমা ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন জেকি সেলিক
রোমার সঙ্গে চুক্তি নবায়ন না করে চমকপ্রদ সিদ্ধান্তের পথে হাঁটছেন জেকি সেলিক। তুর্কি এই ফুলব্যাক এখন জুভেন্টাসের নতুন খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
‘কোরিয়েরে দেলো স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, রোমা কর্তৃপক্ষ জেকি সেলিকের ফিউমিসিনো বিমানবন্দরে ফেরার টিকিট নিশ্চিত করেছিল। শনিবার অনুশীলনে ফেরার আগে আগামীকাল ত্রিগোরিয়াতে তার নতুন চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল। তবে লিলের সাবেক এই খেলোয়াড় এখন জুভেন্টাসে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে সেলিক রোমা সমর্থকদের বিদায় জানিয়েছেন।
রোমা সমর্থকদের উদ্দেশে জেকি সেলিক লিখেছেন, “প্রিয় রোমানিস্টরা, আজ এই মহান পরিবারকে বিদায় জানানোর সময় আমি এমন কিছু অনুভূতি অনুভব করছি যা ভাষায় প্রকাশ করা কঠিন। রোমার জার্সি গায়ে জড়ানো, এই রঙের জন্য লড়াই করা এবং আপনাদের সামনে মাঠে নামা আমার জন্য অনেক বড় সম্মানের এবং গর্বের বিষয়। এই ক্লাবে কাটানো প্রতিটি দিন আমাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। আমরা একসাথে অবিস্মরণীয় মুহূর্ত পার করেছি। রোমাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরাতে সাহায্য করার গর্ব আমি সবসময় বয়ে বেড়াব।”
রোমায় কাটানো সময়ের জন্য তিনি ক্লাব ও কোচদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আমার সতীর্থ, ক্লাবের জন্য প্রতিদিন কাজ করা সকল কর্মী, স্পোর্টিং ডিরেক্টর এবং যাদের অধীনে কাজ করার সুযোগ পেয়েছি, সেই সব কোচ ও টেকনিক্যাল স্টাফকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকেই আমার ক্যারিয়ার ও জীবনে বিশেষ জায়গা দখল করে থাকবেন। বিশেষ ধন্যবাদ জানাই হোসে মরিনহোকে, যিনি আমাকে এই জার্সি পরার সুযোগ করে দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমি দানিয়েলে দে রসি, ইভান ইউরিচ এবং ক্লাউদিও রানিয়েরিকে তাদের শেখানো শিক্ষা, আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। পরিশেষে, জিয়ান পিয়েরো গ্যাসপেরিনিকে বিশেষ ধন্যবাদ। যদিও আমাদের একসঙ্গে কাজ করার সময় খুব কম ছিল, তবুও তিনি আমার ওপর যে আস্থা, সততা ও সম্মান দেখিয়েছেন তা আমার কাছে অনেক বড় বিষয়। আমি সবসময় কৃতজ্ঞ থাকব।”
১৯৯৭ সালে জন্ম নেওয়া এই খেলোয়াড় এখন জুভেন্টাসের হয়ে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছেন। তিনি বলেন, “এখন আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার সময় হয়েছে। তবে এই ক্লাব, এই শহর এবং আপনারা সবাই সবসময় আমার হৃদয়ে থাকবেন। আমি রোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবকিছুর জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। জেকি সেলিক।”
