রিয়াল সল্ট লেকের ভুলে চটেছেন জেজে ওয়াট, পরে ক্ষমা প্রার্থনা ক্লাবের
বুধবার রিয়াল সল্ট লেকের একটি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএফএল তারকা জেজে ওয়াট এবং প্রাক্তন এনডব্লিউএসএল খেলোয়াড় কেলিয়া ওয়াট। তবে মাঠের দর্শকদের কাছে পরিচিতি পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয় এই দম্পতিকে।
মূলত রিয়াল সল্ট লেক কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে এই দম্পতিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেয়। কিন্তু সেখানে শুধুমাত্র জেজে ওয়াটের নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে জেজে ওয়াট অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন যে, কেলিয়া নিজে পেশাদার ফুটবলার ছিলেন এবং তিনি উটাহর ড্রেপারের স্থানীয় বাসিন্দা। জেজে ওয়াট তার স্ত্রীর অর্জনের কথা উল্লেখ করে বলেন, সেগুলোও নিশ্চয়ই উল্লেখ করার মতো ছিল।
Also, Kealia played in the NWSL and grew up in Draper, Utah. Probably worth a mention. https://t.co/d8fW2k1Q2k
— JJ Watt (@JJWatt) July 11, 2023
জেজে ওয়াটের এই টুইট ইন্টারনেটে ছড়িয়ে পড়ার চার ঘণ্টা পর রিয়াল সল্ট লেক কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চায়। ক্লাবটি একে ‘অনভিপ্রেত ভুল’ হিসেবে আখ্যায়িত করে এবং কেলিয়ার ফুটবল ক্যারিয়ার নিয়ে দুটি প্যারাগ্রাফের একটি বিস্তারিত পরিচিতি তুলে ধরে।
কেলিয়ার এই ক্যারিয়ারের মধ্যে রয়েছে হাই স্কুলে চারটি উটাহ স্টেট চ্যাম্পিয়নশিপ, নর্থ ক্যারোলিনার হয়ে একটি জাতীয় শিরোপা এবং হিউস্টন ড্যাশ ও শিকাগো রেড স্টার্সের হয়ে এনডব্লিউএসএল-এর আটটি মৌসুম।
কেলিয়া বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওর বিশ্লেষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি এই দম্পতি ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব বার্নলিরও অংশীদার। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রিয়াল সল্ট লেক ৪-১ গোলে বার্নলিকে পরাজিত করে।
