আর্সেনালের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার আগেই খেলার প্রস্তুতি ডেক্লান রাইসের
আর্সেনালের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার আগেই খেলার প্রস্তুতি ডেক্লান রাইসের
আর্সেনালের হয়ে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত বলে মিকেল আরতেতাকে জানিয়েছেন ডেক্লান রাইস। ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকা অবশ্য দলে দেরিতে যোগ দেবেন।
আর্সেনালের ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলাররা সবাই প্রাক-মৌসুমে দেরিতে যোগ দেবেন। কারণ, তারা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল পর্যন্ত খেলেছেন।
ইংলিশ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডেক্লান রাইস, বুকায়ো সাকা, ননি মাডুয়েকি এবং এবেরেচি ইজে। গত ১৮ জুলাই টুর্নামেন্টে তারা তাদের শেষ ম্যাচটি খেলেছেন।
ফলে, তাদের তিন সপ্তাহের ন্যূনতম ছুটি নিশ্চিত করতে তারা প্রত্যেকে আরও অন্তত এক সপ্তাহ বাড়তি সময় ছুটি পাচ্ছেন।
তবে রাইস স্পষ্টভাবে মিকেল আরতেতাকে জানিয়েছেন যে, তিনি ক্যাম্পে ফেরার সঙ্গে সঙ্গেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবেন।
আরতেতা আর্সেনাল ডট কম-কে বলেন, “আমি যখন ডেক্লানের সঙ্গে কথা বলি, সে তখনই বলে, ‘ঠিক আছে, আমি যদি এই দিনে আসি, তবে আমি তখন থেকেই খেলতে পারব’। বাকিরাও একই কথা বলছে।”
“আমাদের তিনটি ভিন্ন দলের সাথে তিনটি ভিন্ন প্রাক-মৌসুম রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগাম নয়, বরং প্রোগামের পেছনের মানসিকতা।”
তাত্ত্বিকভাবে এর অর্থ হলো, ৯ আগস্ট এমিরেটস কাপে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল স্কোয়াডের হয়ে রাইস খেলতে পারেন। এটি সেই দিনই, যেদিন তার ছুটি শেষ হওয়ার কথা।
সাধারণত প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার দিনেই কোনো খেলোয়াড় মাঠে নামবেন বলে আশা করা যায় না, কিন্তু রাইস স্পষ্টতই এটিই ইঙ্গিত দিচ্ছেন যে তিনি তেমনটি করতে পারেন।
আর্সেনাল সম্ভবত পরের সপ্তাহের ম্যাচগুলোর জন্য খেলোয়াড়কে প্রস্তুত করতে চাইবে। যেখানে বুধবার কোমো’র বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং রবিবারে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচ রয়েছে।
তবে রাইস যদি ডর্টমুন্ডের বিপক্ষে কয়েক মিনিটও খেলার সুযোগ পান, তবে ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী ম্যাচগুলোতে খেলার জন্য ভালো অবস্থায় থাকবেন।
