ওয়েস্ট হ্যামের শেয়ার বিক্রির চুক্তি করলেন ভ্যানেসা গোল্ড
ওয়েস্ট হ্যামের সাবেক চেয়ারম্যান ডেভিড গোল্ডের মেয়ে ভ্যানেসা গোল্ড ক্লাবটিতে থাকা তাদের পারিবারিক শেয়ার বিক্রির জন্য একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নিউক্যাসলের সাবেক সহ-মালিক আমান্ডা স্টেভলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে এই শেয়ার বিক্রি করা হবে।
চ্যাম্পিয়নশিপে খেলা এই ক্লাবে গোল্ড পরিবারের মালিকানাধীন শেয়ারের পরিমাণ ২৫.১ শতাংশ। গত মৌসুমে দলটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে।
শনিবার এক বিবৃতিতে ভ্যানেসা গোল্ড জানিয়েছেন, “আমি আমান্ডা স্টেভলি এবং মেহেরদাদ ঘোদৌসির নেতৃত্বাধীন পিসিপি ক্যাপিটাল পার্টনার্স এবং অ্যাশল্যান্ড ফরেস্ট ক্যাপিটাল পার্টনার্সের একটি কনসোর্টিয়ামের কাছে আমার পরিবারের শেয়ার বিক্রির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।”
তিনি আরও বলেন, “এই বিক্রয় প্রক্রিয়াটি প্রি-এম্পশন প্রক্রিয়ার সাপেক্ষে সম্পন্ন হবে। এর আওতায় ক্লাবের বর্তমান শেয়ারহোল্ডারদের শেয়ারগুলো কিনে নেওয়ার সুযোগ রয়েছে। যদিও প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি, তবুও ক্লাবের বর্তমান পরিস্থিতি এবং আমার উদ্দেশ্য সম্পর্কে ভক্তদের স্বচ্ছ ধারণা দিতে চেয়েছি।”
বর্তমানে ওয়েস্ট হ্যামের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ডেভিড সুলিভান, যার মালিকানায় রয়েছে ৩৮.৮ শতাংশ শেয়ার। এছাড়া চেক ব্যবসায়ী ড্যানিয়েল ক্রেটিনস্কির মালিকানাধীন ‘১৮৯০স হোল্ডিংস’ ক্লাবের ২৭ শতাংশ শেয়ারের মালিক। গোল্ড পরিবারের শেয়ারের ১৬ শতাংশ অংশ কেনার একটি চুক্তি সম্পন্ন হলে ক্রেটিনস্কি সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হতে পারতেন।
ভ্যানেসা গোল্ড বলেন, “১২ই জুন ড্যানিয়েল ক্রেটিনস্কি এবং আমি শেয়ার বিক্রির একটি চুক্তি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, এরপর থেকে মূল চুক্তি বা অন্য কোনো বিকল্প পথ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”
এই ঘোষণার প্রতিক্রিয়ায় ক্রেটিনস্কির এক মুখপাত্র জানান, “জুনে গোল্ড পরিবারের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছিল, তা ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে স্থিতিশীলতা প্রদান করেছিল। কিন্তু আজকের ঘোষণাটি তার বিপরীত। আমরা সব সময় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের স্বার্থ রক্ষায় কাজ করব এবং আমাদের প্রি-এম্পশন অধিকার পুরোপুরি প্রয়োগসহ সব বিকল্প বিষয় খতিয়ে দেখছি।”
আমান্ডা স্টেভলি এবং তার প্রতিষ্ঠান পিসিপি ক্যাপিটাল পার্টনার্স ২০২১ সালে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মাধ্যমে নিউক্যাসল ইউনাইটেড অধিগ্রহণে প্রধান ভূমিকা রেখেছিল। স্টেভলি ও তার স্বামী ঘোদৌসি ২০২৪ সাল পর্যন্ত নিউক্যাসলের শেয়ারহোল্ডার ছিলেন।
ভ্যানেসা গোল্ড আরও যোগ করেন, “এই কনসোর্টিয়ামের একটি সফল ফুটবল ক্লাব পরিচালনার গভীর অভিজ্ঞতা এবং বোঝাপড়া রয়েছে। ওয়েস্ট হ্যামের জন্য তারা কী নিয়ে আসতে পারে, তা নিয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে।”
উল্লেখ্য, ডেভিড গোল্ড তার ব্যবসায়িক অংশীদার ডেভিড সুলিভানের সঙ্গে ১৩ বছর ধরে ওয়েস্ট হ্যামের যৌথ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে ডেভিড গোল্ড মৃত্যুবরণ করেন।
