জুভেন্টাসে স্থায়ীভাবে যোগ দিলেন রান্ডাল কোলো মুয়ানি
ফরাসি স্ট্রাইকার রান্ডাল কোলো মুয়ানিকে স্থায়ীভাবে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) থেকে তুরিনের ক্লাবটিতে যোগ দিলেন এই ফরোয়ার্ড। এর আগে এক বছর মেয়াদী লোণ চুক্তিতে জুভেন্টাসে খেলেছিলেন তিনি।
পিএসজি-এর আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটি এই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই ফরোয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
পিএসজি এই চুক্তির শর্তাবলী প্রকাশ না করলেও, ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদন অনুযায়ী, ৩৮ মিলিয়ন ইউরো নির্দিষ্ট ফি এবং ১২ মিলিয়ন ইউরো বোনাসের বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে। কোলো মুয়ানি জুভেন্টাসের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি সই করেছেন।
স্থায়ীভাবে জুভেন্টাসে ফিরলেন রান্ডাল কোলো মুয়ানি
কোলো মুয়ানি ২০২৪/২৫ মৌসুমের শীতকালীন দলবদলে প্রথমবার লোণ চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। সেই সময় ২২ ম্যাচে ১০ গোল করে তিনি ক্লাবটিকে শীর্ষ চারে জায়গা করে নিতে এবং চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে বড় ভূমিকা রাখেন।
জুভেন্টাসের হয়ে লোণে খেলার পর গত মৌসুমটি তিনি টটেনহ্যামে অতিবাহিত করেন। অবশেষে এই স্থায়ী চুক্তির মাধ্যমে তিনি আবার তুরিনে ফিরে এলেন। ২০২৩ সালে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে কোলো মুয়ানিকে দলে নিয়েছিল পিএসজি। বর্তমানে কোচ লুইস এনরিকের পরিকল্পনায় না থাকায় ফরাসি ক্লাবটি তাকে ছেড়ে দিল।
