ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন মার্ক স্কিনার
উইমেন্স সুপার লিগ (WSL) মৌসুম শুরুর ঠিক এক মাস আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন মার্ক স্কিনার। ক্লাবের সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালনের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন স্কিনার দলকে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছেন। ২০২৪ সালে তার অধীনেই দলটি প্রথম বড় কোনো শিরোপা হিসেবে উইমেন্স এফএ কাপ জয় করে। এছাড়া ২০২৩ সালে ডব্লিউএসএল-এ ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। গত বছর দলটি প্রথমবারের মতো উইমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও খেলার যোগ্যতা অর্জন করেছিল।
আগামী ৪ সেপ্টেম্বর লন্ডন সিটি লায়নেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নতুন মৌসুম শুরু করবে। স্কিনারের বিদায় নিয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, “ম্যানচেস্টার ইউনাইটেড উইমেন্সের অগ্রগতিতে মার্ক স্কিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইউনাইটেডে থাকাকালীন তার পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং একাগ্রতার জন্য ক্লাব তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছে।”
উল্লেখ্য, গত মৌসুমে ডব্লিউএসএল-এ ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে তাদের যাত্রা শেষ করেছিল।
