মেজর লিগ সকারের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ল্যারি বার্গ
মেজর লিগ সকার (MLS) তাদের পরবর্তী নেতৃত্ব খুঁজে পেয়েছে। একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লিগটি তাদের নতুন কমিশনার হিসেবে লস অ্যাঞ্জেলেস এফসি (LAFC)-এর সহ-মালিক ল্যারি বার্গকে নির্বাচন করেছে।
সোমবার অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ভোটের মাধ্যমে বার্গকে এই পদের জন্য বেছে নেওয়া হয়। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তার সঙ্গে ছিলেন ফক্সের সাবেক নির্বাহী ডেভিড নাথানসন। এমএলএস মালিকদের সামনে চূড়ান্ত উপস্থাপনা শেষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে ল্যারি বার্গ নির্বাচিত হন।
ল্যারি বার্গ বর্তমান কমিশনার ডন গারবারের স্থলাভিষিক্ত হবেন। ১৯৯৯ সাল থেকে এমএলএস কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা গারবার চলতি মৌসুম শেষে পদ থেকে সরে দাঁড়াবেন বলে আশা করা হচ্ছে।
বেনেট রোজেনথাল এবং ব্র্যান্ডন বেকের সাথে লস অ্যাঞ্জেলেস এফসির ‘কো-ম্যানেজিং ওনার’ হিসেবে দায়িত্ব পালন করছেন ল্যারি বার্গ। নতুন দায়িত্ব গ্রহণের শর্ত হিসেবে তাকে এলএএফসি-তে থাকা তার মালিকানার অংশ বিক্রি করতে হবে। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, বর্তমানে লস অ্যাঞ্জেলেস এফসির মোট বাজারমূল্য ১.৩২ বিলিয়ন ডলার।
দীর্ঘ ২৭ বছর ধরে এমএলএস-এর নেতৃত্বে থাকা ডন গারবার লিগটিকে ১২টি দল থেকে ৩০টি দলে উন্নীত করেছেন। এছাড়া চলতি মৌসুমের আগে লিগের দলগুলোর সম্মিলিত বাজারমূল্য ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
