সংবাদমাধ্যমের সমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন নেইমার
সোমবার সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেইমার। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুরো সময় সেখানে থাকার সুযোগ হয়নি তার। তারকা এই ফুটবলার জানান, তাকে দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে হবে।
সান্তোসের এই তারকা ফুটবলার বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার ব্রাজিলের বেলেমে প্যারাতে ২০২৬ কোপা দো ব্রাসিল রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে রিমোর মুখোমুখি হবে তার দল সান্তোস। এর আগে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
তবে অনুষ্ঠানের আগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি সংবাদমাধ্যমকে ‘ভিত্তিহীন’ খবর প্রচার করা বন্ধ করার আহ্বান জানান। নেইমার বলেন, “আমার মনে হয় ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ ফুটবলারদের মানসিকভাবে অসুস্থ করে তুলছে। এটি ব্রাজিলের সবচেয়ে বড় এবং পরিচিত পেশা, অথচ এটিই সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়। খবরের সত্যতা যাচাই না করে ঢালাও মন্তব্য করার আগে সবার সতর্ক হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “অসত্য খবরের কারণে ফুটবলার, তাদের পরিবার এবং ভক্তরা ক্ষতিগ্রস্ত হন। মাইক্রোফোন হাতে পাওয়া খুব সহজ, কিন্তু যা খুশি বলে দেওয়ার পর কোনো ভুলের দায় স্বীকার বা সংশোধন করা হয় না। এসব বিষয় সীমা অতিক্রম করছে।”
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, “একজন খেলোয়াড়ের মানসিক শক্তি অনেক বেশি হতে হয়। আমার মানসিক দিকটি বেশ শক্তিশালী, কিন্তু সবাই তো আর এমন নয়। কেউ বেশি কষ্ট পায়, কেউ কম।”
এ সময় নিজের চুক্তির মেয়াদ ও অবসরের সম্ভাবনা নিয়েও কথা বলেন নেইমার। তিনি জানান, সান্তোসের সঙ্গে ২০২৬ মৌসুমের ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি রয়েছে। নেইমার বলেন, “আমি কতদিন খেলব তা জানি না। এই মুহূর্তে অবসর নেওয়ার কথা ভাবছি না। সান্তোসের জার্সিকে সম্মান জানিয়ে চুক্তি শেষ করাই আমার মূল লক্ষ্য। এরপরই আমি সিদ্ধান্ত নেব যে আমি এখানে থাকব, অন্য কোথাও যাব নাকি খেলা ছেড়ে দেব।”
নিলাম অনুষ্ঠানে নেইমারের বাবাও উপস্থিত ছিলেন। সেখানে তিনি সাম্প্রতিক বিতর্ক এবং রিমোর বিপক্ষে ম্যাচে কোচ কুকার পক্ষ থেকে নিজের ছেলেকে সমর্থন না পাওয়া প্রসঙ্গে মন্তব্য করেন।
+ 📊 নেইমার টানা নয় বছর ধরে ফুটবলের শীর্ষে; বিস্তারিত জানুন
