ইংল্যান্ডের বিশ্বকাপ জয় নিয়ে ট্যাটু করালেন ভক্ত, পরে যোগ করলেন ‘মজার ছলে’
ইংল্যান্ডের এক ফুটবল ভক্ত আগেভাগেই ধরে নিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে। আর সেই আত্মবিশ্বাস থেকে নিজের পায়ে একটি ট্যাটুও করিয়েছিলেন তিনি। তবে সেই ট্যাটুর লেখা এখন সংশোধন করতে হয়েছে সেই ভক্তকে।
৩৬ বছর বয়সী ছাদ মেরামতকারী শন ক্যারিংটন ৫৫০ পাউন্ড খরচ করে তার পায়ে বিশ্বকাপ ট্রফির ছবি এবং তার নিচে “England World Cup Winner 2026” লিখেছিলেন। রাউন্ড অব ৩২-এ কঙ্গোর বিরুদ্ধে ইংল্যান্ড ২-১ গোলে জয় পাওয়ার পর তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, টমাস টাখেলের দল শিরোপা জিতবে এমনটাই ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।
এরপর শন ক্যারিংটন স্ট্যান্ডিশের হোলি ট্রিনিটি ট্যাটু স্টুডিওতে ফিরে যান এবং আগের লেখার নিচে “Just joking” (মজার ছলে) কথাটি যোগ করান। এই দ্বিতীয়বার ট্যাটু পার্লারে যাওয়ার পর তিনি বিবিসিকে বলেন, “আমার পায়ে ট্যাটু থাকা নিয়ে আমি যতটা না বিচলিত, তার চেয়ে বেশি খারাপ লাগছে ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারেনি বলে।” তিনি আরও যোগ করেন, “এটা আমাকে খুব একটা সমস্যায় ফেলছে না, এটি কেবল একটি ট্যাটু।”
এই ট্যাটুটি করার জন্য তিনি কোনো অনুতাপ বোধ করছেন না এবং তিনি জানান, “আমি অন্য কোনোভাবে এটি করতাম না।” নতুন লাইন যোগ করার পর তিনি বেশ সন্তুষ্ট।
ট্যাটু পার্লারের ব্যবস্থাপক জেমি টেলর জানান, সাধারণত এই ধরনের পরিবর্তনের জন্য ১০০ পাউন্ড খরচ হয়, তবে তারা বিনামূল্যে এটি সংশোধন করে দিয়েছেন। ভবিষ্যতে আরও ট্যাটু করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্যারিংটন বলেন, “আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, তবে মাথায় নতুন কিছু আসলে করাই যেতে পারে।”
হোলি ট্রিনিটি ট্যাটুর ফেসবুক পেজে নতুন এই পরিবর্তনের একটি ভিডিও শেয়ার করে বলা হয়, “ঠিক এই কারণেই ট্যাটু শিল্পীরা আপনাদের অপেক্ষা করতে বলেন।” তারা আরও যোগ করে, “আশা করি এটি ভালো থাকবে। গত মাসে আমাদের গ্রাহক এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ‘England World Cup Winners 2026’ লিখিয়েছিলেন। এখন তিনি আবার এসেছেন কিছুটা আপডেট করাতে— ‘Just joking’। অন্তত তার রসবোধ খুব ভালো!”
উল্লেখ্য, সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর টমাস টাখেলের দল মিয়ামিতে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।
