জয় সত্ত্বেও উত্তপ্ত নেইমারের আচরণ, প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়ালেন ব্রাজিলিয়ান তারকা
সাধারণত জয়ের পর দলের মধ্যে আনন্দঘন পরিবেশ থাকার কথা। কিন্তু ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর লড়াইয়ে সান্তোস এবং ক্লাব ডি রিমোর ম্যাচের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ১-০ গোলে জয় পেলেও ম্যাচ শেষে মাঠের বাইরের পরিস্থিতির উত্তাপ ছড়ায় ম্যাঙ্গুয়েরাও স্টেডিয়ামের করিডোরে।
ম্যাচ শেষ হওয়ার পর নেইমারকে রিমোর বেশ কয়েকজন ক্ষুব্ধ স্টাফের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে এই ব্রাজিলিয়ান তারকাকে ড্রেসিংরুমের প্রবেশপথে দাঁড়িয়ে ‘এলিমিনেটেড! এলিমিনেটেড!’ বলে চিৎকার করতে শোনা যায়।
ম্যাচ পরবর্তী এই ঘটনা নিয়ে রিমোর প্রেসিডেন্ট টোনহাও সংবাদমাধ্যমের কাছে বেশ কড়া প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, “সান্তোসের মতো দলের এমন আচরণের প্রয়োজন নেই। নেইমারের মতো একজন মূল্যহীন খেলোয়াড়, যাকে একদল শিশু পূজা করে, সে এখানে এসে নাটক করছে এবং আমাদের উত্যক্ত করছে। এসব অকর্মণ্য ব্যক্তিদের আইডল হিসেবে মেনে নেওয়াটাই আমাদের ভুল ছিল।”
নেইমারকে নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক নতুন কিছু নয়। ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পরেও মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বড় হয়ে উঠেছে ম্যাচ পরবর্তী এই বিবাদ। খেলোয়াড়দের এই আচরণ নিয়ে এখন নানা মহলে চলছে আলোচনা ও সমালোচনা।
