প্রিস্টন থেকে বেন হোয়াইটম্যানকে সই করালো রেক্সহ্যাম
প্রিস্টন নর্থ এন্ডের অধিনায়ক বেন হোয়াইটম্যানকে দলে নিয়েছে রেক্সহ্যাম। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন, যার সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। গোপন রাখা ট্রান্সফার ফি-তে রেক্সহ্যামে নাম লেখানো এই খেলোয়াড় মঙ্গলবার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। চ্যাম্পিয়নশিপে ২০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ড্যানি ইমরে-র পর হোয়াইটম্যান রেক্সহ্যামের দ্বিতীয় সংযোজন। এর আগে ক্রিস্টাল প্যালেস থেকে ড্যানি ইমরে যোগ দিয়েছেন দলটিতে।
নতুন ক্লাবে যোগ দিয়ে হোয়াইটম্যান বলেন, “এখানে আসতে পারাটা দারুণ অনুভূতির। রেক্সহ্যামের সঙ্গে চুক্তি করতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়, বর্তমান সময়ে চ্যাম্পিয়নশিপের যে কোনো ফুটবলারই এই ক্লাবে যোগ দিতে চাইবে।” তিনি আরও বলেন, “রেক্সহ্যাম এমন একটি ক্লাব যারা প্রিমিয়ার লিগে উঠতে চায় এবং আমিও তাই চাই। তাই যখন ক্লাবটি আগ্রহ দেখায়, তখন তা উপেক্ষা করা সত্যিই কঠিন ছিল।”
নর্থ এন্ডে সাড়ে পাঁচ বছরের দীর্ঘ সময় কাটিয়েছেন হোয়াইটম্যান। তবে প্রিস্টনের কোচ পল হ্যাকিংবটম তার এই দলবদলকে সহজভাবে নেননি। প্রিস্টন ছেড়ে যাওয়ার জন্য হোয়াইটম্যানকে সমালোচনাও করেছেন কোচ। বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাকিংবটম জানান, হোয়াইটম্যান ক্লাব কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি প্রিস্টনের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, যা কোচ ভালোভাবে নেননি। হ্যাকিংবটম বলেন, “বেন জানতো আমি কোন সীমানাটি অতিক্রম করতে দিতে চাই না, কিন্তু দুর্ভাগ্যবশত সে তা করেছে।”
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা হোয়াইটম্যান গত মৌসুমে প্রিস্টনের হয়ে চ্যাম্পিয়নশিপে ৪৩টি ম্যাচ খেলেছেন, যেখানে দলটি ১৪তম স্থানে থেকে লিগ শেষ করে। রচডেলে জন্ম নেওয়া এই মিডফিল্ডার কিশোর বয়সে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন এবং ২০১৪ সালে তার সিনিয়র অভিষেক হয়। এরপর তিনি ম্যানসফিল্ড টাউন ও ডনকাস্টার রোভার্সে ধারে খেলেছেন। ২০১৮ সালে ডনকাস্টারে স্থায়ীভাবে যোগ দিয়ে দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০২১ সালে তিনি প্রিস্টন নর্থ এন্ডে যোগ দিয়েছিলেন।
