টটেনহ্যাম হটস্পারের সঙ্গে নতুন চুক্তির পথে মিকি ফন দে ভেন
টটেনহ্যাম হটস্পারের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ভেন। বর্তমানে তিনি ভলফসবুর্গ থেকে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদের ছয় বছরের চুক্তিতে টটেনহ্যামে খেলছেন।
বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, মার্চ মাসে রবার্তো ডি জার্বি কোচ হিসেবে যোগ দেওয়ার আগে এই ডাচ ডিফেন্ডার উত্তর লন্ডনে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। তবে ইতালিয়ান এই কোচ, যিনি টটেনহ্যামকে প্রিমিয়ার লিগে টিকে থাকতে সহায়তা করেছেন, তার আগমন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে নতুন চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জুলাই মাসে বিবিসি স্পোর্টসকে মিকি ফন দে ভেন বলেন, “ক্লাব যে কিছু পরিবর্তন এনেছে, তা দেখা সত্যিই ভালো ব্যাপার। ক্লাবের মধ্যে নতুন এক লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যা এখানে দীর্ঘ সময় ধরে থাকা খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
গত মৌসুমের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “গত মৌসুমটি বেশ চাপের ছিল এবং আমাদের পক্ষ থেকে তা ছিল অগ্রহণযোগ্য। তাই সেই সব পেছনে ফেলে নতুন মৌসুমে সতেজভাবে শুরু করাটা অনেক বড় বিষয়।”
উল্লেখ্য যে, টটেনহ্যাম প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমে ১৭তম স্থানে থেকে লিগ শেষ করেছে। এমনকি ২০২৫-২০২৬ মৌসুমের শেষ দিন পর্যন্ত তাদের শীর্ষ লিগে টিকে থাকার লড়াই চালাতে হয়েছিল। নয় মাসের অস্থির সময় এবং তিনজন ম্যানেজারের পরিবর্তনের পর, ডি জার্বির অধীনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন ফন দে ভেন।
তিনি বলেন, “গত মৌসুমের ম্যানেজারের তুলনায় পরিস্থিতি এখন ভিন্ন হবে। এছাড়া দর্শকরা খেলাটি দেখে আরও উপভোগ করবেন, কারণ আমরা এখন আক্রমণাত্মক ফুটবল খেলব। আমাদের এই পরিবর্তনটিই প্রয়োজন ছিল, কারণ সবাই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিল।”
