গোলরক্ষকের সন্ধানে জুভেন্টাস: এমি মার্টিনেজের বদলে ভিচারিওতে আগ্রহ ইতালিয়ান ক্লাবটির
সিরি আ-এর ক্লাব জুভেন্টাস তাদের নতুন গোলরক্ষক নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। যদিও এমিলিয়ানো মার্টিনেজকে দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে এখন টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক গুলিয়েলমো ভিচারিওকে দলে টানার বিষয়েই বেশি আগ্রহী তারা।
অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্টিনেজকে পেতে জুভেন্টাস নতুন করে যোগাযোগ করেছিল। সে সময় বার্মিংহামের ক্লাবটি জিয়ন সুজুকিকে দলে নেওয়ার দ্বারপ্রান্তে ছিল।
জিয়ানলুকা ডি মারজিও জানিয়েছেন যে, মার্টিনেজের সাম্প্রতিক চোট নিয়ে জুভেন্টাস কর্তৃপক্ষ খুব একটা আশ্বস্ত নয়। তাই তারা মার্টিনেজের পরিবর্তে ভিচারিওকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, মার্টিনেজের আঙুলের চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবুও ইতালির এই গোলরক্ষকই এখন জুভেন্টাসের প্রধান লক্ষ্য।
এর ফলে, ২৯ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়ে টটেনহ্যামের সঙ্গে আলোচনা শুরু করেছে জুভেন্টাস।
ধারণা করা হচ্ছে, চুক্তিটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। জুভেন্টাস মনে করছে, তাদের পক্ষে সুবিধাজনক কোনো চুক্তিতে পৌঁছানোর এটিই সেরা সময়। আগামী কয়েক ঘণ্টা দলবদলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে জুভেন্টাস আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
