শিরোনাম: ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন শেফিল্ড ইউনাইটেডের কিংবদন্তি বিলি শার্প
শেফিল্ড ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার বিলি শার্প ৪০ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে তিনি সাউদাম্পটন, নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড, হাল সিটি, স্কানথর্প ইউনাইটেড, রিডিং, ডনকাস্টার রোভার্স এবং রাশডেন অ্যান্ড ডায়মন্ডসের হয়ে খেলেছেন। এই দীর্ঘ সময়ে তিনি মোট ২৯৯টি গোল করেছেন।
গত মৌসুমের শেষে ডনকাস্টার ছাড়ার পর থেকে তিনি ফ্রি এজেন্ট ছিলেন। নিজের শেষ ম্যাচে পিটারবোরোর বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণভাবে ক্যারিয়ারের ইতি টানেন এই তারকা।
স্কাই স্পোর্টসকে বিলি শার্প বলেন, “আমি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি এবং ৪০ বছর বয়স পর্যন্ত খেলেছি। আমি নিজের শর্তে অবসর নিতে চেয়েছিলাম। আমি অনেক বন্ধুকে দেখেছি ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ করতে। আমি দুর্দান্তভাবে শেষ করতে চেয়েছিলাম এবং সৌভাগ্যবশত আমার শেষ ম্যাচে আমি হ্যাটট্রিক করেছি।”
তিনি আরও যোগ করেন, “হয়তো আমি সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ছিলাম না, বা মাঠে আমাকে সবাই খুব একটা পছন্দও করত না, কিন্তু এর কারণ ফুটবলকে আমার ভালোবাসা। আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং আমার মনে হয় আমি আমার ক্যারিয়ার থেকে যতটুকু সম্ভব অর্জন করেছি। ফুটবলে আমি এমন সব স্মৃতি তৈরি করেছি যা আজীবন আমার সাথে থাকবে।”
শেফিল্ড ইউনাইটেডের শৈশবের সমর্থক শার্প ২০০৪ সালের নভেম্বরে ওয়াটফোর্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নশিপে অভিষেক করেন। তিনি ক্লাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনটি প্রমোশন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে ২০১৭ সালে লিগ ওয়ান থেকে এবং ২০১৯ ও ২০২৩ সালে চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন উল্লেখযোগ্য। শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিন দফায় মোট ১২৯টি গোল করে তিনি ক্লাবের আইকনে পরিণত হন। এছাড়াও ২০১২ সালে সাউদাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার অভিযানেও তিনি অংশ নেন।
২০২৩ সালে এমএলএস-এ এলএ গ্যালাক্সির হয়ে সংক্ষিপ্ত সময় পার করার পর অনেকেই ভেবেছিলেন তার ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি ইয়র্কশায়ারে ফিরে হাল সিটি এবং পরে ডনকাস্টার রোভার্সের হয়ে খেলা চালিয়ে যান। ২০২৫ সালে ব্র্যাডফোর্ড সিটির বিপক্ষে নাটকীয় জয়সূচক গোল করে রোভার্সকে লিগ ওয়ানে উন্নীত করতে সাহায্য করেন তিনি। সবশেষ মৌসুমে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে তিনি তার টিনএজ, ২০, ৩০ ও ৪০-এর কোঠায় ইএফএল হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। পিটারবোরোর বিপক্ষে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে তিনি ক্যারিয়ারের ৩০০তম গোলটি পূর্ণ করতে পারতেন।
এ বিষয়ে শার্প বলেন, “সেই ম্যাচে ৩০০তম গোলটি করতে পারলে দারুণ হতো, তবে আমি একটি অবিশ্বাস্য ক্যারিয়ার কাটিয়েছি।”
অবসরের পর শার্প আর্সেনাল এবং জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেহম্যানের নেতৃত্বাধীন ব্যালার লিগের দল এন৫-এ যোগ দিয়েছেন, যেখানে তিনি সিক্স-এ-সাইড ফুটবল খেলবেন। একই সাথে তিনি কোচিং ব্যাজ সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে ম্যানেজমেন্ট বা কোচিংয়ের দিকেও নজর রাখছেন।
