হাডার্সফিল্ডের কাছে হারের পর পিটারবরোর আত্মবিশ্বাসের অভাব নিয়ে হতাশ রবি স্যাভেজ
পিটারবরো ইউনাইটেডের ম্যানেজার রবি স্যাভেজ জানিয়েছেন, মঙ্গলবার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের আত্মবিশ্বাসের অভাব ছিল।
অ্যাকু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিটারবরো ৪-১ গোলে পরাজিত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রবি স্যাভেজ দায়িত্ব নেওয়ার পর এটিই দলের প্রথম পরাজয়। এই ফলাফলের পর লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় ২১ নম্বরে নেমে গেছে পিটারবরো। এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
বিবিসি রেডিও ক্যামব্রিজশায়ারকে দেওয়া সাক্ষাৎকারে স্যাভেজ বলেন, “ড্রেসিংরুমের ছেলেরা খুব হতাশ। আমার মনে হয়, লেস্টারের মতো এখানেও যে তারা জয় নিয়ে ফিরতে পারে, সেই বিশ্বাসটাই তাদের মধ্যে ছিল না। আমি জানি না কেন এমনটা হলো।”
তিনি আরও বলেন, “আমাদের ফিনিশিং থার্ডে মানের অভাব দেখা গেছে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারবার বল পেছনে ও পাশে পাস দেওয়া হয়েছে, যা আমাদের খেলার ধরন নয়। আমাদের আরও সাহসী এবং ইতিবাচক হতে হবে, যেমনটা আমরা প্রথম তিনটি ম্যাচে দেখিয়েছিলাম।”
স্যাভেজ জানান, বিরতির সময় তিনি খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রাখার কথা বলেছিলেন। পরবর্তী লিগ ম্যাচে শনিবার পিটারবরো ২৩ নম্বর স্থানে থাকা ব্রোমলির মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার তারা ব্র্যাডফোর্ড সিটির বিপক্ষে ইএফএল কাপের শেষ ষোলোর ম্যাচে লড়বে।
পরের ম্যাচগুলো নিয়ে স্যাভেজ বলেন, “এই লিগের প্রতিটি ম্যাচই কঠিন, তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”
তিনি আরও যোগ করেন, “গত আড়াই সপ্তাহে আমরা খেলোয়াড়দের স্প্রিন্ট দূরত্ব ৫ হাজার মিটার থেকে ১০ হাজার মিটারে উন্নীত করেছি, যার ফলে তারা ক্লান্ত। ম্যাচের শেষ দিকে তাদের শারীরিক অবস্থা দেখে সেটি বোঝা যাচ্ছিল। তবে এখন তাদের সহনশীলতা গড়ে তুলতে হবে। আমাদের প্রশিক্ষণের ধরন এবং খেলার ধরণ এমনই হবে, কারণ আমাদের সাফল্যের জন্য সেই উচ্চতায় পৌঁছাতে হবে।”
