রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ে মনোযোগী বার্সেলোনার কুবারসি
বার্সেলোনার জন্য আগামী কয়েক দিন বেশ বিশেষ হতে যাচ্ছে। দলটি একদিকে যেমন রিয়াল মাদ্রিদকে আবারও হারানোর সুযোগ পাচ্ছে, অন্যদিকে লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানেও আধিপত্য বিস্তারের অপেক্ষায় আছে। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আছেন লামিন ইয়ামাল। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি কোপা ট্রফি জিততে পারেন। তবে রবিবারের এল ক্লাসিকোর আগে ব্যক্তিগত অর্জনের চেয়ে খেলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন কুবারসি।
ব্যালন ডি’অর এবং কোপা ট্রফি নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে কুবারসি বলেন, “বিষয়টি খারাপ হতো না, তবে এখন আমি এসব নিয়ে ভাবছি না। আমার পুরো মনোযোগ রবিবারের ম্যাচের দিকে। পরবর্তীতে যদি ভালো কিছু আসে, তবে আমি কৃতজ্ঞ থাকব।”
হ্যান্সি ফ্লিকের সাহসী এবং উচ্চ-চাপের রক্ষণভাগের কৌশলের কার্যকারিতা নিয়েও নিজের মতামত দিয়েছেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। তিনি বলেন, “সামনে থেকে রক্ষণভাগ সামলানোই কোচের দর্শন, যা তিনি শুরু থেকেই আমাদের শিখিয়েছেন। আমাদের এই দর্শনের ওপর আস্থা রাখতে হবে।”
কুবারসি আরও যোগ করেন, “আমাদের পশুদের মতো ঝাঁপিয়ে পড়ে প্রেস করতে হবে যেন প্রতিপক্ষ খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলতে না পারে। আমাদের লক্ষ্য যদি পরিষ্কার থাকে এবং এই দর্শনের ওপর অটল থাকি, তবে আমরা বড় কিছু অর্জন করতে পারব।”
যদিও এই রক্ষণাত্মক কৌশলটি ডিফেন্ডারদের জন্য বেশ চ্যালেঞ্জিং, কারণ এখানে ভুল করার সুযোগ খুবই কম। কুবারসি বলেন, “একজন ডিফেন্ডারের জন্য এটি বিশেষ এবং কিছু ক্ষেত্রে কিছুটা জটিল। তবে সতীর্থদের ওপর আস্থা রাখলে এবং পরিকল্পনা পরিষ্কার থাকলে সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়।”
পিএসজির বিপক্ষে পরাজয় কাটিয়ে বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমাতেই এই জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরিক গার্সিয়া এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পাশাপাশি জুল কুন্দেকে এই ম্যাচে পাচ্ছে না বার্সেলোনা। ফলে জেরার্ড মার্টিনের মতো নবীন খেলোয়াড়কে সাথে নিয়ে রক্ষণভাগে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে কুবারসিকে।
