ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়, দাবি কোচ মাইকেল ক্যারিকের
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিক ওল্ড ট্র্যাফোর্ডের এই ক্লাবটিকে ‘নিয়ন্ত্রণ করা অসম্ভব’—এমন তত্ত্ব সরাসরি নাকচ করে দিয়েছেন। রবিবার বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের হোম ম্যাচের আগে টানা সাত ম্যাচে জয়হীন থাকার দুঃসময়ে নিজের চাকরি বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যারিক।
দলের অভিজ্ঞ খেলোয়াড় লিসান্দ্রো মার্টিনেজ ও ব্রুনো ফার্নান্দেজ ক্লাবের রিক্রুটমেন্ট বা দল গঠন এবং ক্যারিকের কৌশল নিয়ে সমালোচনা করায় তার ওপর চাপ আরও বেড়েছে। ক্যারিক যদি তার চাকরি হারান, তবে গত তিন মৌসুমে এটি হবে তৃতীয়বার কোচ পরিবর্তনের ঘটনা। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে এখন পর্যন্ত রালফ রাংনিকসহ মোট আটজন স্থায়ী কোচ ইউনাইটেডের সাফল্যের ধারা ধরে রাখতে ব্যর্থ হয়ে চাকরি হারিয়েছেন।
বর্তমানে অনেক প্রাক্তন খেলোয়াড় নিজেদের মিডিয়া প্ল্যাটফর্ম এবং ফ্যান চ্যানেলগুলোর মাধ্যমে ক্লাবের ওপর চাপ সৃষ্টি করায় অনেকে মনে করেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে পরিচালনা করা একটি অসম্ভব কাজ। তবে এই ধারণা সম্পর্কে ক্যারিকের এক শব্দের উত্তর ছিল— “না।”
তবে প্রাক্তন ফুটবলার এবং সাধারণ পর্যবেক্ষকদের মন্তব্যের কিছু কিছু বিষয়ের সাথে ক্যারিক দ্বিমত পোষণ করেছেন। তার দল মাঠে পর্যাপ্ত দৌড়ায় না এবং বল পায়ে না থাকলে প্রতিপক্ষকে চাপ সৃষ্টি (প্রেসিং) করে না—এমন মন্তব্যে তিনি বিরক্ত। যদিও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ ব্যবধানে হারের পর দলের পারফরম্যান্স যে “অগ্রহণযোগ্য” ছিল, তা তিনি স্বীকার করেছেন।
কিন্তু দল প্রেসিং করছে না, এমন সমালোচনার সাথে তিনি একমত নন। ক্যারিক বলেন, “শুধু ‘দৌড়াচ্ছে না’ বলে দেওয়াটা ঠিক নয়। আমরা দীর্ঘ সময় ধরে অনেক ম্যাচ জিতেছি এবং এই প্রেসিং ফুটবল খেলার একটি ছোট অংশ মাত্র।”
তিনি আরও বলেন, “প্রেসিংয়ের বিভিন্ন ধরন আছে। আসলে এটি কী? কেন এটি করা হচ্ছে? এটি কি আপনার শক্তির জায়গা? নাকি অন্য কোনো জায়গা ঢেকে রাখার চেষ্টা? বর্তমানে এটি শুধু একটি শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফুটবল ম্যাচ জেতার জন্য সবসময় প্রেসিং করার প্রয়োজন হয় না। কখনো প্রয়োজন হয়, আবার কখনো হয় না। ফুটবল ম্যাচ কেবল দৌড়ানোর পরিসংখ্যানে নির্ধারিত হয় না। আমাদের গত মৌসুমে এবং এই মৌসুমের কিছু অংশে আমরা যেসব কাজ ভালো করছিলাম, আবার সেদিকেই ফিরে যেতে হবে।”
স্যার অ্যালেক্স ও সোলশায়ারের সাথে ক্যারিকের ঘনিষ্ঠতা
জানুয়ারি মাসে রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হওয়ার পর মাইকেল ক্যারিককে তার প্রাক্তন বস ও সতীর্থ ওলে গুনার সোলশায়ারের আগে নিয়োগ দেওয়া হলেও, তাদের মধ্যে সম্পর্ক এখনো অটুট রয়েছে। জুলাই মাসে রোজেনবার্গের বিপক্ষে প্রাক-মৌসুম জয়ের আগে সোলশায়ার ট্রনহাইমে ইউনাইটেডের বেস ক্যাম্পে এসে ক্যারিক ও তার কোচিং স্টাফদের সাথে সময় কাটিয়েছিলেন।
এই সপ্তাহেও তাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া ক্যারিক নিশ্চিত করেছেন যে, তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথেও কথা বলেছেন, যিনি ৮৫তম জন্মদিনের কাছাকাছি পৌঁছেও নিয়মিত ম্যাচ দেখতে মাঠে আসেন। ২০০৬ সালে টটেনহ্যাম থেকে ক্যারিককে সই করিয়েছিলেন ফার্গুসন। এমনকি ২০১৭ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিকের টেস্টমোনিয়াল ম্যাচেও তিনি কোচ ছিলেন। ক্যারিক বলেন, “আমি তাদের দুজনের সাথেই নিয়মিত কথা বলি। এটি নতুন কিছু নয়, আমরা ঘনিষ্ঠ।”
নিজের ওপর এবং দলের ওপর আস্থা রেখে ক্যারিক পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আমি তাদের শতভাগ বিশ্বাস করি। রবিবার আমরা সম্পূর্ণ অন্য একটি দল হিসেবে মাঠে নামব। আমাদের তা হতেই হবে।”
