কলকাতা: নজরে বঙ্গ ফুটবল সংস্থার নির্বাচন। যদিও সেই নির্বাচন ঘিরে জটিলতা এখনও কাটেনি। চাঁদনী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে নির্বাচনী অফিসারকে একটি চিঠি পাঠানো হয়। তাতেই তৈরি হয় জটিলতা। আইনি পরামর্শ ছাড়া এই মুহূর্তে আইএফএ নির্বাচনের দিনক্ষণ স্থির করা সম্ভব নয়।
তবে আইএফএ নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সব পক্ষ। অনির্বাণ দত্তকে প্রেসিডেন্ট পদে প্রার্থী ধরেই প্রচার চালাচ্ছে আইএফএ-র শাসক গোষ্ঠী। যেখানে নেতৃত্ব দিচ্ছেন ময়দানের অন্যতম পোড় খাওয়া ক্রীড়া প্রশাসক সুব্রত দত্ত। ইতিমধ্যে একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক হয়েছে। অন্যদিকে বিরোধী গোষ্ঠীও তৎপর আইএফএ নির্বাচন ঘিরে। তবে রাজ্যে পালাবদলের পর রাজ্যের বর্তমান শাসক দল এই নির্বাচনে নাক গলাবে কিনা সেটা অবশ্যই দেখার। আর তাতেই বদলে যেতে পারে সমস্ত সমীকরণ! জল মাপার কাজ করছে সব পক্ষ। ভোট পরিচালনার জন্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশিস সেন। স্পোর্টস কোড বা জাতীয় ক্রীড়া নীতি লাগু হওয়ায় এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। সচিব পদ এখন বেতনভুক্ত।
গত কয়েক বছরে কলকাতা লিগ আর আইএফএ শিল্ড নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেছেন অনির্বাণ দত্ত। তবে বিরোধী গোষ্ঠী অভিযোগ তুলছে, অনির্বাণের সচিব পদের মেয়াদকালেই কলকাতা লিগে বেটিং চক্র সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। যদিও সচিব থাকাকালীন বেটিং রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেন অনির্বাণ। লালবাজার মারফত বেটিং চক্র রোখার জন্য তৎপরতা নেন।
শাসক শিবিরের মুখ অনির্বাণ হলেও, বিরোধী শিবির এখনও সেভাবে কোনও মুখকে সামনে আনেনি। তবে অনির্বাণ দত্তের বিরোধিতায় একজোট হয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেনিংও করছে। তৃণমূল আমলে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তিন প্রধানের কর্তা ও তৎকালীন আইএফএ সচিবের প্রচার ভাল ভাবে নেয়নি ময়দান। সেই প্রচারের ভিডিওকে আসন্ন নির্বাচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী গোষ্ঠী। অনির্বাণ যদিও এসবে পাত্তা দিতে নারাজ। বরং নিজের সচিব পদের মেয়াদকালে তাঁর কাজকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন।
তৃণমূল জমানার শেষ কয়েক বছরে বিভিন্ন ক্রীড়া সংস্থায় নাক গলাতে দেখা যেত তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এমনকি বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনেও সক্রিয় হতে দেখা গেছিল অরূপকে। রাজ্যে পালাবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ অবশ্য এসব থেকে এখনও পর্যন্ত অনেক দূরে। বঙ্গ ফুটবল সংস্থার আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত রাজ্যের শাসক দল কী ভূমিকা নেয় সেটাও দেখার বিষয়।
Disclaimer: Some of the football news content displayed on this website is automatically syndicated from RSS Feeds We do not claim ownership of these syndicated stories, and all rights remain with the original publisher.