কলকাতা: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। শনিবার, ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভুটান। শেষ অবধি ভারতের ভাল ডিফেন্সের জন্য জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজ মোট ৪টি বদল করেছিল ভারত। অর্শ আনোয়ার শেখ, মাংলেংথান কিপগেন, ব্রাইসন ফার্নান্দেজ ও পিভি বিষ্ণু। ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শুরু করে ভারত। এর ফলে ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় নৌশাদ মুসার দল। বাঁ দিক থেকে বক্সের মধ্যে লম্বা পাস নিজস্ব দক্ষতায় ভুটানের জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের এই ফরোয়ার্ড। এরপরও একাধিক আক্রমণ করে ভারত। ২৮ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে গোল করে যান ভারতের অধিনায়ক চিংলেনসানা সিং। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।
যদিও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে ভুটান। ৪৭ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে কিনজাং তাশি তবদেন গোল করেন। প্রথমে অফসাইডের জন্য গোলটি বাতিল হলেও VAR দিয়ে দেখার পর গোলটিকে বৈধ বলে ঘোষণা করা হয়। এরপর ভুটানের বেশ কিছু আক্রমণ আটকে দেয় ভারত। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ভারত। কিন্তু VAR দিয়ে দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। ৮৫ মিনিটে ক্রসবারে বল মারেন সুহেল ভাট। শেষ অবধি ২-১ গোলে ম্যাচ জেতে ভারত।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো VAR প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই VAR প্রযুক্তির ভূমিকা অপরিসীম ছিল। দুই দলের শেষ সাক্ষাতে ভুটানকে ৬-১ গোলে হারিয়েছিল ভারত। এবারেও সেই ধারা বজায় রাখল ভারত। এর ফলে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা ফাইনালে উঠে গেল ভারত। ফাইনালে তাদের মুখোমুখি হবে হয় বাংলাদেশ, নাহলে পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার দশম বারের জন্য ট্রফি ঘরে আনার লক্ষ্যে ১৭ তারিখ মাঠে নামবেন সুহেল-ইরফানরা।
Disclaimer: Some of the football news content displayed on this website is automatically syndicated from RSS Feeds We do not claim ownership of these syndicated stories, and all rights remain with the original publisher.