লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ, অনিশ্চিত ফেদেরিকো চিয়েসার ভবিষ্যৎ
লিভারপুলের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন মোহাম্মদ সালাহ। সাপ্তাহিক ৪ লাখ পাউন্ড বেতনের চুক্তিটি এক বছর আগেই পারস্পরিক সম্মতিতে বাতিল করেছেন এই মিশরীয় তারকা। সালাহর চলে যাওয়ায় রাইট উইং পজিশনে শূন্যতা তৈরি হয়েছে রেডদের স্কোয়াডে। ক্লাব কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বড় তারকাকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ায় এই জায়গাটি নিয়ে চিন্তায় রয়েছে দলটি।
সালাহর বদলি হিসেবে লিভারপুলে যোগ দেওয়া ফেদেরিকো চিয়েসা অ্যানফিল্ডে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ, যে কারণে তাকে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমেরকাতোর প্রতিবেদন অনুযায়ী, সেরি আ-র ক্লাব বোলোনিয়া ২৮ বছর বয়সী এই উইঙ্গারকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
চিয়েসার সঙ্গে লিভারপুলের চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, তার বার্ষিক বেতন প্রায় ৬ মিলিয়ন ইউরো। ফলে চিয়েসাকে দলে পেতে বোলোনিয়ার জন্য লিভারপুলের কাছ থেকে আর্থিক সহায়তার প্রয়োজন হবে। চড়া বেতনের কারণে ইতালিয়ান ক্লাবটি তাকে শুধু ধারে নিতেই আগ্রহী এবং এক্ষেত্রেও লিভারপুলকে তার বেতনের একটি বড় অংশ বহন করার অনুরোধ জানিয়েছে তারা।
চিয়েসা ফিরতে চান ইতালিতে
একই প্রতিবেদনে জানানো হয়েছে, ফেদেরিকো চিয়েসা পুনরায় সেরি আ-তে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইতালির জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করাই এখন তার মূল লক্ষ্য। বোলোনিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চিয়েসাকে দলে নেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লিভারপুলে সময়টা খুব একটা ভালো কাটেনি এই সাবেক জুভেন্টাস তারকার। বর্তমানে ইতালিতে ফিরে নিজের ছন্দ ফিরে পাওয়ার পাশাপাশি আজুরিদের দলে জায়গা পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে তার বিশাল বেতন বোলোনিয়ার সামর্থ্যের বাইরে হওয়ায়, লিভারপুলের আর্থিক সহায়তার ওপরই এই দলবদল নির্ভর করছে।
অ্যানফিল্ডে চিয়েসার সময় শেষ
২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের প্রধান নতুন মুখ ছিলেন চিয়েসা। প্রিমিয়ার লিগ জয়ের মৌসুমে দলের হয়ে তার অবদান ছিল খুবই সামান্য। পরবর্তী ২০২৫-২৬ মৌসুমেও তিনি প্রিমিয়ার লিগে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালে ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস থেকে অ্যানফিল্ডে যোগ দিলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হন এই ইতালীয় ফরোয়ার্ড।
বর্তমানে খেলার সুযোগ খুঁজছেন চিয়েসা। নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে তিনি দলের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
