ফিফার নেতৃত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর গত ১০ বছরের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
বিবৃতিতে এএফএ এবং তাদের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রিয় প্রেসিডেন্ট, আমরা আপনার মাধ্যমে ফিফার নেতৃত্বের কাছে গত ১০ বছরের কাজের জন্য আমাদের সমর্থন জানাচ্ছি। এই এক দশকে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল শাসন মডেলের ওপর ভিত্তি করে প্রাতিষ্ঠানিক শক্তি অর্জনই ছিল মূল ভিত্তি।’
ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক যে প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে এএফএ। সেই সঙ্গে প্রক্রিয়ার ভুলগুলো স্বীকার করে নেওয়ায় ফিফার প্রশংসা করেছে তারা।
এএফএ আরও উল্লেখ করে, ‘সুশাসন নিশ্চিত করা ফিফা, সদস্য অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশনগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরির একটি মৌলিক স্তম্ভ।’
ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করে এএফএ জানায়, স্বচ্ছ শাসন মডেলের মাধ্যমে তিনি ফিফায় আমূল পরিবর্তন এনেছেন। এই মডেলের ফলে সব সদস্য অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশনের জন্য ফিফার দরজা খুলে গেছে। এর মাধ্যমে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়েছে, যা ফুটবলের সব পর্যায় ও ডিসিপ্লিনকে এগিয়ে নিতে সাহায্য করছে।
সবশেষে, আরও অন্তর্ভুক্তিমূলক ফুটবল বিকাশের লক্ষ্যে বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
