৩৬ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিলেন চিরো ইমোবিলে
প্যারিস এফসি-তে খেলা ইতালির প্রাক্তন তারকা স্ট্রাইকার চিরো ইমোবিলে ৩৬ বছর বয়সে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
এই সেন্টার-ফরোয়ার্ড সিরি আ ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন। লিগ ওয়ানের ক্লাব প্যারিস এফসি-র সঙ্গে তার ২০২৭ সালের জুন মাস পর্যন্ত চুক্তি থাকার কথা ছিল। তবে চোটের সমস্যার কারণে তিনি ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ গত মৌসুমে তিনি মাত্র ১২টি ম্যাচ খেলে দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছিলেন।
ইমোবিলে প্যারিস এফসি-তে যোগ দেন চলতি বছরের জানুয়ারিতে। এর আগে মৌসুমের শুরুতে তিনি বোলোনিয়ার হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন।
আজ প্যারিস এফসি-র সতীর্থদের কাছে কান্নাবিজড়িত কণ্ঠে অবসরের খবরটি জানান তিনি। এসময় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরা হয়, যেখানে তিনি মোট ৬৫৬টি ম্যাচ খেলে ৩৫০টি গোল করেছেন।
ইতালির হয়ে ৫৭টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৭টি গোল করেছেন। ২০২১ সালে ইতালির হয়ে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন এবং চারবার সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘ক্যাপোক্যানোনিয়ার’ (Capocannoniere) খেতাব অর্জন করেন।
সাল্লারনিতানা যুব একাডেমিতে ক্যারিয়ার শুরু করা ইমোবিলে খুব দ্রুত জুভেন্টাসে জায়গা করে নেন। এরপর তিনি সিয়েনা, গ্রোসেটো, পেসকারা, জেনোয়া, তোরিনো, বরুশিয়া ডর্টমুন্ড, সেভিয়া, লাৎসিও, বেশিকতাস, বোলোনিয়া এবং প্যারিস এফসির হয়ে খেলেছেন। তার ক্যারিয়ারের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সময় কেটেছে লাৎসিওতে, যেখানে তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন।
