আর্জেন্টাইন লিগে সারমিয়েন্তো-রিভার ম্যাচের আগে সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস
আর্জেন্টাইন প্রফেশনাল লিগের ১১তম দিনে সারমিয়েন্তো ও রিভার প্লেটের মধ্যকার ম্যাচের আগে এভা পেরন স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। স্টেডিয়ামে প্রবেশের সময় রিভার প্লেট সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের প্রবেশ প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থকদের ওপর চড়াও হয়। এ সময় সমর্থকদের ওপর পেপার স্প্রে বা কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে।
টিওয়াইসি (TyC)-এর তথ্যমতে, অনেক রিভার সমর্থক শেষ মুহূর্তে স্টেডিয়ামে পৌঁছান। আবার অনেকে টিকিট ছাড়াই প্রবেশের চেষ্টা করেন। এর ফলে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব তৈরি হয় এবং অতিথি সমর্থকদের জন্য নির্ধারিত একমাত্র প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি জানায়, “বাইরে ভিড় কমাতে সমর্থকরা নিজেরাই গেট খুলে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে, নিরাপত্তা বাহিনী একটি সরু পথ তৈরি করে সমর্থকদের একজনের পর একজনকে ভেতরে ঢোকানোর চেষ্টা করে। এ সময় তারা কাঁদানে গ্যাস ছোড়ে এবং সমর্থকদের ওপর লাঠিপেটা করে।”
সূত্রটি আরও বলছে, মূলত টিকিটের অতিরিক্ত বিক্রির কারণে এই ঘটনার সূত্রপাত। সারমিয়েন্তো কর্তৃপক্ষ প্রথমে ৩,০০০ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিলেও চাহিদার কারণে পরে আরও ১,৫০০ টিকিট ছাড়ে।
