ফিফা সভাপতির পদে ফিট নন ইনফান্তিনো, প্রশ্ন তুলেছেন ডেব্রি হিউইট
ফিফা কাউন্সিল সভায় ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তবে তাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হিসেবে বিবেচনা করতে হলে সমস্ত নথি প্রকাশ এবং মূল প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জুরিখের এই সভায় ইনফান্তিনোর গোপন প্রস্তাব ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) নিয়ে প্রথমবার আলোচনা হয়।
এই প্রস্তাবের আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, যা ইনফান্তিনো কয়েক দিনের মধ্যেই বাতিল করে দেন। সাড়ে তিন ঘণ্টার এই সভায় ইনফান্তিনোকে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত হওয়া, ফিফা পিস প্রাইজ এবং জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর অনুদান সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করা হয়।
ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ার এবং ফিফা ভাইস-প্রেসিডেন্ট ডেব্রি হিউইট জানান, সভার আলোচনা অত্যন্ত খোলামেলা ও বলিষ্ঠ হলেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। হিউইট বলেন, “সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, আমরা যে বিশেষ নথিগুলো চেয়েছিলাম, বিশেষ করে এফএফই-এর কাগজপত্র, তা পাইনি।”
তিনি আরও বলেন, “আমি প্রশ্ন করেছিলাম কেন নথিগুলো দেওয়া হচ্ছে না? উত্তরে আমাদের লিখিতভাবে প্রশ্ন জমা দিতে বলা হয়েছে। আমি মনে করি, তাকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তিনি এখন উত্তর না দেন, তবে তিনি ফিফা প্রেসিডেন্ট হিসেবে কাজ করার যোগ্য নন। সভার আলোচনায় এটিই উঠে এসেছে।”
হিউইট আরও জানান, এফএফই কেন হলো, বালোগুন মামলা ও পিস প্রাইজ সংক্রান্ত বিষয়ের উত্তরের ওপর নির্ভর করছে ইনফান্তিনোকে পরবর্তী প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে কি না। ইনফান্তিনো ক্ষমা চাইলেও বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না সমালোচকরা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছে এবং তাকে পদত্যাগ করতে বলেছে। উয়েফা এফএফই সংক্রান্ত সব নথি পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে আইনি দাবি জানিয়েছে।
ইনফান্তিনো আগামী মার্চ মাসে তৃতীয়বারের মতো ফিফা প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াবেন। এখন পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো শক্ত প্রার্থী সামনে আসেনি। ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্মকর্তারা আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারকে প্রার্থী হিসেবে দেখতে চাইলেও বিষয়টি এখনো অনিশ্চিত।
হিউইট জোর দিয়ে বলেন, ১৮ নভেম্বরের সময়সীমার মধ্যে কাউকে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করাতে হবে। তিনি বলেন, “গণতন্ত্রে আমরা বাস করি। ২১১টি অ্যাসোসিয়েশনেরই ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।”
বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত হওয়া নিয়ে হিউইট বলেন, “জুলাই মাসে যা ঘটেছে তা ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনেনি। এটি ফুটবলের মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। যখন মাঠের বাইরের ঘটনা মাঠের খেলাকে প্রভাবিত করে, তখন তা ফুটবলের জন্য অন্ধকার দিন।”
ফিফা পিস প্রাইজ সম্পর্কেও তদন্ত চলছে। বিষয়টি নিয়ে ফিফার সামাজিক কমিটি তদন্ত করবে এবং ডিসেম্বরে কাউন্সিলের কাছে প্রতিবেদন জমা দেবে। হিউইট বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, তবে আমাদের অতীতকে বুঝতে হবে।”
