রিয়াল মাদ্রিদে ছন্দহীন ভিনিসিয়াস জুনিয়র: মাঠের পারফরম্যান্স নিয়ে বাড়ছে উদ্বেগ
চলতি মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের নানা বিষয় নিয়েই তিনি বেশি আলোচনায় থাকছেন, যা মোটেও ইতিবাচক নয়।
এক সময় কঠিন চাপের মুখেও যিনি দলের জন্য জ্বলে উঠতেন এবং নিয়মিত ভালো পারফরম্যান্স উপহার দিতেন, ক্যারিয়ারের অন্যতম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে মাঠে তার উপস্থিতি যেন দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে ভিনিসিয়াস মাঠ ছাড়ার পরই খেলার মোড় ঘুরে যায়। তার বদলি হিসেবে যারা মাঠে নামেন, তারা দলের জন্য আরও বেশি কার্যকর ভূমিকা রাখেন। এমনকি তার চার ম্যাচের নিষেধাজ্ঞাকেও এখন অনেকে ‘শাপে বর’ হিসেবে দেখছেন।
ফিনিশিংয়ে হতাশাজনক পারফরম্যান্স
গত কয়েক বছরে ভিনিসিয়াস বিশ্বসেরা ড্রিবলার এবং চাপের মুখে গোল করার দক্ষতায় নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।
তিনি ছিলেন প্রান্তিক অঞ্চল থেকে সুযোগ তৈরির কারিগর এবং তার ড্রিবলিং দক্ষতা ছিল অসাধারণ।
তবে এখন তার সেই ড্রিবলিং ক্ষমতা ও কার্যকরিতা আগের মতো নেই, এমনকি গোল করার সক্ষমতাও তলানিতে ঠেকেছে।
২০২৬-২৭ মৌসুমে এই ব্রাজিলিয়ান তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি শট নিলেও গোল পেয়েছেন মাত্র একটি। তার প্রত্যাশিত গোল বা এক্সজি (xG) ছিল ৩.১৪, যা থেকে মাত্র একটি গোল পাওয়া বেশ হতাশাজনক।
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, তার শট থেকে গোল রূপান্তরের হার মাত্র ৪.৪ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০টি শটে তিনি চারটিরও কম গোল পাচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অন্তত ২০টি শট নেওয়া খেলোয়াড়দের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন হার।
নিষেধাজ্ঞা: আশীর্বাদ নাকি অভিশাপ?
ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে চুল টানা এবং লাল কার্ড দেখার পর প্রতিবাদ জানানোয় ভিনিসিয়াস লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।
একদিক থেকে দেখলে, পেশাদার ফুটবলের এই বিরতি তাকে মানসিকভাবে শান্ত হওয়ার সুযোগ করে দিতে পারে। টানা খেলে কোনো সুফল না পাওয়ায় এই বিরতি তার জন্য আশীর্বাদ হতে পারে।
তবে এই পরিস্থিতির একটি বড় ঝুঁকিও রয়েছে। ভিনিসিয়াসের অনুপস্থিতিতে তার প্রতিদ্বন্দ্বীরা এল ক্লাসিকোসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টানা খেলার সুযোগ পাচ্ছেন। তারা যদি এই সময়ে নিজেদের প্রমাণ করতে পারেন, তবে রিয়াল মাদ্রিদের মূল একাদশে নিজের জায়গা হারানোর শঙ্কায় রয়েছেন ভিনিসিয়াস।
শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা ভিনিসিয়াসের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়।
