জানুয়ারিতে দল শক্তিশালী করার ইঙ্গিত দিলেন রোমা স্পোর্টিং ডিরেক্টর টোনি ডি’অ্যামিকো
রোমা বনাম জেনোয়া ম্যাচের কিক-অফের আগে সাংবাদিকদের মুখোমুখি হন রোমার স্পোর্টিং ডিরেক্টর টোনি ডি’অ্যামিকো। সেখানে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
“বুধবারের মতো নির্দিষ্ট কিছু প্রতিযোগিতায় ভালো ফল করতে হলে আমাদের অবশ্যই একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে হবে। আর সেই লক্ষ্যেই জানুয়ারি মাসে দলকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে,” বলেছেন ডি’অ্যামিকো।
তিনি আরও যোগ করেন, “গ্রীষ্মকালীন দলবদলের সময় আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী সবটা করতে পারিনি। তবে আমরা প্রতিদিন কাজ করছি এবং দলের মান উন্নয়নের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।”
খেলোয়াড়দের ওপর আস্থা রেখে তিনি বলেন, “অনুশীলন এবং আগের ম্যাচগুলোতে ছেলেরা যে দক্ষতা দেখিয়েছে, আশা করি তা তারা বজায় রাখবে। আমরা এই মানের খেলোয়াড়দের পেছনে বড় বিনিয়োগ করেছি। যদিও আমরা ভালো ফর্মে আছি, তবুও দলের মূল কাঠামো বজায় রেখেছি। আমরা মূলত এই ভারসাম্যটিই চেয়েছিলাম।”
দলবদলের কৌশল সম্পর্কে ডি’অ্যামিকো জানান, “আমাদের নীতি হলো শক্তিশালী খেলোয়াড়দের দলে ভেড়ানো। এছাড়া কোনো খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার সময় বিভিন্ন সুযোগ রাখা হয়। আমরা সব সময় চেয়েছি ধারে নেওয়া খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ যেন আমাদের হাতে থাকে।”
