সেরি আয় অভিষেক হলো রবিনহো জুনিয়রের
জেনোয়া দলে আজ বিশেষ এক দিন ছিল। ইতালিয়ান ক্লাবটির হয়ে সেরি আয় অভিষেক হয়েছে রবিনহো জুনিয়রের। তিনি এসি মিলান, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা স্ট্রাইকার রবিনহোর কিশোর বয়সী ছেলে।
১৮ বছর বয়সী এই তরুণকে রোমার বিপক্ষে এই ম্যাচে শেষ মুহূর্তের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়। স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ম্যাচটিতে জেনোয়া ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে।
বাবার পথ অনুসরণ করেই রবিনহো জুনিয়র সান্তোস ইয়ুথ একাডেমিতে ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি করেন এবং পরবর্তীতে ইউরোপের ফুটবলে পাড়ি জমান।
সেরি আয় নতুন রবিনহো জুনিয়র
ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে রবিনহো জুনিয়র জেনোয়ায় যোগ দিয়েছিলেন। সিজন শেষে প্রায় ৮ মিলিয়ন ইউরো মূল্যে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার শর্তে ধারে দলে ভেড়ায় ক্লাবটি।
প্রিম্যাভেরা ইয়ুথ পর্যায়ে তিন ম্যাচে তিন গোল ও একটি অ্যাসিস্ট করে এই ব্রাজিলিয়ান তরুণ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। যার ফলে ড্যানিয়েলে ডি রসির সিনিয়র স্কোয়াডে ডাক পান তিনি। এর আগে ফিওরেন্তিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বেঞ্চে বসে থাকা রবিনহো জুনিয়র আজ সন্ধ্যায় সেরি আয় নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন।
তার বাবা রবিনহো ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছেন। ২০১০ সালের ১১ সেপ্টেম্বর সেসেনার বিপক্ষে ২-০ ব্যবধানে পরাজিত ম্যাচে তিনি সেরি আয় প্রথম মাঠে নেমেছিলেন। বর্তমানে ৪২ বছর বয়সী রবিনহো ২০২০ সালের অক্টোবরে সান্তোসের হয়ে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।
