ব্রাজিলের ফুটবলে ২৩-১ গোলের বিশাল ব্যবধানে জয় নভো এস্পোর্তের
ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে ১৯০৯ সালের কাম্পেওনাতো কারিওকা টুর্নামেন্টে বোতাফোগোর ২৪-০ গোলের জয়টি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ড। তবে গত শনিবার (১৭ আগস্ট) এই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল একটি ম্যাচ। কাম্পেওনাতো মিনেইরোর দ্বিতীয় বিভাগে (যা আসলে রাজ্যের তৃতীয় ধাপের লিগ) সান্তারিটেনসে নিজেদের মাঠে নভো এস্পোর্তের কাছে ২৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে।
এই ম্যাচটি ছিল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের পঞ্চম ও শেষ রাউন্ডের। এই হারের ফলে মাইনাস ৫২ গোল ব্যবধান নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সান্তারিটেনসে।
গোলরক্ষকহীন সান্তারিটেনসে
ম্যাচ শুরুর আট মিনিটের মাথায় সান্তারিটেনসের ফরোয়ার্ড কাওয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকে। সে সময় নভো এস্পোর্তে ১-০ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধ শেষ হয় সফরকারীদের ১০-০ ব্যবধানে এগিয়ে থেকে। প্রথমার্ধে এরিকি পাঁচটি, ড্যানিয়েল তিনটি এবং লুকাস আন্দ্রে দুটি গোল করেন।
দ্বিতীয়ার্ধের আট মিনিটের ব্যবধানে চারটি গোল হয় এবং সান্তারিটেনসে আরও একটি লাল কার্ড দেখে। এবার মাঠ ছাড়তে হয় দলের একমাত্র গোলরক্ষক লুকাস অলিভেইরাকে।
কোচ আন্দ্রে মার্কেসের বেঞ্চে মাত্র দুইজন খেলোয়াড় ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো গোলরক্ষক ছিলেন না। ফলে ২ নম্বর জার্সি পরিহিত গুইলহার্মে গোলরক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এর পর ইটাবিরিনহার দলটি আরও আটটি গোল করে। সান্তারিটেনসের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন পেদ্রো এনরিকে। ম্যাচের ৪৩তম মিনিটে জুলিয়ান ২৩তম গোলটি করেন। এই ম্যাচে নভো এস্পোর্তের হয়ে গোল পেয়েছেন মালয়েশীয় ডিফেন্ডার সৌরভ সিংও।
বিজয়ী দলের গোলদাতাদের তালিকা:
ড্যানিয়েল – ৭
এরিকি – ৫
লুকাস আন্দ্রে – ৫
রুইসেই – ১
সৌরভ – ১
হিগোর – ১
চার্লস – ১
জিন ফিলিপে – ১
জুলিয়ান – ১
বিপর্যয়কর পারফরম্যান্স
টুর্নামেন্টের পাঁচ ম্যাচে সান্তারিটেনসে গোল করেছে মাত্র দুটি। যদিও সান্তা রিতা দো সাপুকাইয়ের দলটি ৩-০ ব্যবধানে হেরে মোটামুটি শুরু করেছিল, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে তারা বড় ব্যবধানে পরাজিত হয়। তাদের টুর্নামেন্ট যাত্রা ছিল নিম্নরূপ:
রাউন্ড ১ – ন্যাসিওনাল দে মুরিয়া ৩-০ সান্তারিটেনসে
রাউন্ড ২ – সান্তারিটেনসে ০-৮ ভেন্ডা নোভা
রাউন্ড ৩ – ইন্টার মিনাস ৭-১ সান্তারিটেনসে
রাউন্ড ৪ – নোভা লাভরাস ১৩-০ সান্তারিটেনসে
রাউন্ড ৫ – সান্তারিটেনসে ১-২৩ নভো এস্পোর্তে
গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় সেরা রেকর্ড নিয়ে পরের রাউন্ডে উঠেছে নভো এস্পোর্তে। এছাড়া ভেন্ডা নোভা (প্রথম) এবং ন্যাসিওনাল দে মুরিয়া (তৃতীয়) পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। ছয় দলের চূড়ান্ত পর্বে গ্রুপ ‘বি’ থেকে আসা পারাকাতু, বেতিম এবং সাও জোয়াও দেল রেই অংশ নেবে।
