সরাসরি পদোন্নতির লক্ষ্যে ড্রয়ের বৃত্ত ভাঙার তাগিদ সাউদাম্পটন গোলরক্ষকের
সাউদাম্পটন গোলরক্ষক ড্যানিয়েল পেরেৎজ মনে করেন, মৌসুমের শেষে সরাসরি পদোন্নতির লক্ষ্য পূরণ করতে হলে ড্রয়ের ম্যাচগুলোকে জয়ে রূপান্তর করতে হবে। বর্তমান মৌসুমে ১১টি ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে দলটি। অবশ্য মৌসুমের শুরুতেই তাদের চার পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।
সাউদাম্পটন এ মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ ড্র করেছে। গত শনিবার ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে বল্টনের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় কিছুটা হতাশাও প্রকাশ করেছেন একার্টের শিষ্যরা।
বিবিসি রেডিও সোলেন্ট-এর সঙ্গে আলাপকালে পেরেৎজ বলেন, “আমরা লিগ জিততে চাই, তাই আমরা জানি যে আমাদের এই ম্যাচগুলো জেতা প্রয়োজন। বিশেষ করে যখন আমরা ম্যাচে আধিপত্য বজায় রাখি, তখন আমাদের আরও বেশি মনোযোগী হওয়া এবং খেলার গতি বাড়ানো দরকার। আমরা শিখছি কী করতে হবে এবং পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছি।”
তিনি আরও যোগ করেন, “আমরা প্রতিটি ম্যাচ জিততে পারব না, তবে আমরা সেই লক্ষ্যেই খেলছি। বিশেষ করে যখন আমরা আধিপত্য বিস্তার করি এবং ঘরের মাঠে খেলি, তখন জয়ের কোনো বিকল্প নেই।”
গত মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে ধারে সাউদাম্পটনে যোগ দেওয়ার পর থেকে পেরেৎজ এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন এবং ১১টি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। পোর্টসমাউথের বিপক্ষে সাউদাম্পটনের জয়টি ছিল এ মৌসুমে তাদের প্রথম ক্লিনশিট। এরপর গত দুই ম্যাচেও তারা ক্লিনশিট ধরে রেখেছে।
পেরেৎজ জানান, আন্তর্জাতিক বিরতির সময় তারা রক্ষণভাগ নিয়ে বিশেষ কাজ করেছেন। তিনি বলেন, “আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করছি। এই ক্লিনশিট কেবল আমার একার কৃতিত্ব নয়, এটি পুরো দলের অর্জন। কারণ বিরতির সময় আমরা খুব ভালো অনুশীলন করেছি।”
তিনি আরও বলেন, “কোচিং স্টাফরা রক্ষণভাগ উন্নতির জন্য অনেক কাজ করেছেন। ক্লিনশিট রাখতে পারলে ম্যাচ হারার সম্ভাবনা থাকে না, যা আমাদের জন্য দারুণ একটি ভিত্তি। তবে গোল করার ক্ষেত্রে আমরা এখনও কিছু জায়গায় পিছিয়ে আছি, কীভাবে আরও বেশি গোল করা যায় আমরা তা নিয়ে কাজ করব।”
