ইস্টবেঙ্গল – ০ : আল সিব – ০
ওমান: আবার পয়েন্ট নষ্ট লাল-হলুদের। ওমানের আল সিব স্টেডিয়ামে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল হাবাসের ইস্টবেঙ্গল। এর আগের দুই ম্যাচে জয় আসেনি ইস্টবেঙ্গলের। একটি ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র। এর পর আজকের ম্যাচেও আবার ড্র করল ইস্টবেঙ্গল। ফলে, ৩ ম্যাচ পরেও এসিএল টু-তে জয় অধরা ইস্টবেঙ্গলের।
প্রথমার্ধ থেকেই দুর্দান্ত শুরু করেছিল দুই দল। একাধিক আক্রমণ করছিল লাল-হলুদ। কিন্তু কোথাও একটা গিয়ে পাল্লা দিয়েও পিছিয়ে পড়ছিল কলকাতার ক্লাবটি। আইএসএল ২০২৬-২৭ এ এখনও অপরাজিত ইস্টবেঙ্গল কিন্তু এএফসি কাপ এলেই যেন ইস্টবেঙ্গলের সেই কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ছে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল আল সিবও। ১১ মিনিটে দুর্দান্ত সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার লাচেঙপা। এর কিছুক্ষন পর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। দানি রামিরেজের পাস থেকে বল পান জয় গুপ্তা কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর থেকে দুই দলই আক্রমণ করতে থাকলেও গোল আসেনা। ০-০ ফলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও দুই দলই গোল করতে ব্যর্থ হয়। দারুন খেলেছেন রশিদ। তাঁর একার চেষ্টাতেও বেশ কিছু সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু সেখানেও শূন্যতা। ৭০ মিনিটের পর থেকে ইস্টবেঙ্গলের ডিফেন্স বেশ কিছু ভুল করা শুরু করে কিন্তু কপাল ভাল, কোনও গোল খেতে হয়নি হাবাসের ছেলেদের। শেষের দিকে আল সিবের একটি শট পোস্টে লাগে। এর পরের মিনিটে একটি দারুন সেভ করেন লাল-হলুদের গোলকিপার। গ্ৰুপের সবচেয়ে দুর্বল দলকেও হারাতে পারল না লাল-হলুদ। এর ফলে ওমান থেকেও খালি হাতেই ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। তবুও এসিএল এর পরের গ্ৰুপের আশা জিইয়ে রাখলেন রশিদরা।
Disclaimer: Some of the football news content displayed on this website is automatically syndicated from RSS Feeds We do not claim ownership of these syndicated stories, and all rights remain with the original publisher.
