বাকু: ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর রাউন্ড অফ ৩২ এর ম্যাচে হন্ডুরাসের কাছে পরাজিত হল ভারত। বুধবার, ২৮ অক্টোবর বাকুতে এই ম্যাচ হল। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় হণ্ডুরাস। বিরতির পর ৩১ মিনিটে সমতা ফেরায় ভারত। কিন্তু ম্যাচ শেষের ৩ মিনিট আগে আবার এগিয়ে যায় মধ্য আমেরিকার দলটি। শেষ অবধি ২-১ গোলে হারতে হল ভারতকে।
ম্যাচের শুরুতে দুই দলই বলের দখল রেখেছিল নিজের কাছেই। প্রথম ১৫ মিনিটের মধ্যেই জোড়া গোলের সুযোগ নষ্ট করে ভারত। ১৮ মিনিটে গোল করে হণ্ডুরাসকে এগিয়ে দেন ড্যানিও ফ্লোরেস। ভারতের গোলকিপারের ভুল পাস থেকে বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করা শুরু করে হণ্ডুরাস। ২২ মিনিটে একটুর জন্য গোল মিস করেন জেফ্রি লারা। তবে ৩১ মিনিটে দুর্দান্ত গোলে ভারতকে ম্যাচে ফেরান রোনানদেব আহেইবাম। লালরেমরুয়াতফেলার বাড়ানো বল পেয়ে দুরন্ত শটে হন্ডুরাসের গোলরক্ষক সান্তিয়াগো বোর্হেসকে পরাস্ত করেন তিনি। ফলে ১-১ হয় ম্যাচের স্কোর। এরপর জয়ের লক্ষ্যে আক্রমণ শুরু করে ভারতও। বেশ কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয় ভারতের।
ভারতের একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ৩৭ মিনিটে। জোসুয়া লিনারেসের কাটব্যাক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন সোহেল। বলটি দুর্ভাগ্যজনকভাবে ভারতের গোলকিপার জেনিতের গায়ে লেগে আলেহান্দ্রো আমায়ার পায়ে চলে আসে। ফাঁকা জালে বল পাঠিয়ে হণ্ডুরাসকে এগিয়ে দেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলের সুযোগ পেলেও ব্যর্থ হয় ভারত। ফলে তাদের হারতে হল ২-১ ফলে।
এই হারের পর ভারতের সামনে রয়েছে পরবর্তী ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেওয়া ১৮৯টি দলই শেষ দিন পর্যন্ত নিজেদের অবস্থানের জন্য লড়াই করবে। ভারত এবার নিম্ন বাছাইপর্বের রাউন্ড অফ ১৬ তে খেলবে। সেখানে ৮১ থেকে ৯৬ নম্বর স্থান অর্জনের জন্য লড়বে ভারত। তাদের পরবর্তী প্রতিপক্ষ ত্রিনিদাদ ও টোবাগো। রাউন্ড অফ ৩২ এ ফ্রান্সের কাছে ২-৪ গোলে হেরেছে তারা। বুধবারই ভারতীয় সময় সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে দুই দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি দেখা যাবে DAZN এর ওয়েবসাইটে।
Disclaimer: Some of the football news content displayed on this website is automatically syndicated from RSS Feeds We do not claim ownership of these syndicated stories, and all rights remain with the original publisher.
