অনুশীলনের সময় ইনজুরিতে পড়লেন আর্সেনালের দুই খেলোয়াড়
ম্যাচ পরবর্তী কুল-ডাউনের সময় অদ্ভুতভাবে ইনজুরিতে পড়েছেন আর্সেনালের দুই খেলোয়াড়। ক্লাবে নিজের সাত বছরের কোচিং ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।
আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার লিডসের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্সেনাল। পিছিয়ে পড়ার পরও রিকার্ডো ক্যালাফিওরি এবং ব্রুনো গুইমারেসের গোলে জয় নিশ্চিত করে গানাররা। তবে ম্যাচ পরবর্তী অনুশীলন সেশনে পিয়েরো হিনকাপি এবং মার্টিন জুবিমেন্ডির ইনজুরি দলের জন্য দুঃসংবাদ বয়ে আনে। পিয়েরো হিনকাপিকে মাঠ থেকে তুলে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।
সোমবার আর্তেতা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “যেসকল খেলোয়াড় পর্যাপ্ত সময় খেলার সুযোগ পাননি, তাদের জন্য আমরা ম্যাচ শেষে একটি অনুশীলন সেশনের পরিকল্পনা করেছিলাম। সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুটি ঘটনায় আমরা আমাদের দুই খেলোয়াড়কে হারালাম। পরিস্থিতি মোটেই ভালো নয়।”
তিনি আরও বলেন, “আমাদের আজ তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে এবং স্ক্যান রিপোর্ট দেখতে হবে। এরপরই বোঝা যাবে তাদের মাঠের বাইরে কতদিন থাকতে হবে। এটি মোটেও আদর্শ পরিস্থিতি নয়।”
মঙ্গলবার রাতে এমিরেটসে চ্যাম্পিয়নস লিগে লিলে-র মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচের আগে সোমবার সকালে অনুশীলনে ছিলেন না ওই দুই খেলোয়াড়।
আর্তেতা জানিয়েছেন, দুজনেই গোড়ালির চোটে পড়েছেন। এর মধ্যে হিনকাপির চোট বেশি গুরুতর। এছাড়া চোটের পর হিনকাপিকে স্টাফের পরিবর্তে গোলরক্ষক ইলান মেসলিয়ের মাঠ থেকে তুলে নেওয়ায় কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন কোচ। বিষয়টি নিয়ে আর কথা না বাড়িয়ে তিনি এড়িয়ে যান।
এমন ইনজুরি প্রতিরোধে কী করা যায় এমন প্রশ্নের জবাবে আর্তেতা বিরক্তি প্রকাশ করে বলেন, “এটা খুব সহজ, তোমরা অনুশীলন করবে না। যদি তারা কখনোই অনুশীলন না করে তবে তারা ইনজুরিতে পড়বে না। কিন্তু এর পরিণতি হলো, যখন তাদের খেলার প্রয়োজন হবে তখন তাদের কোনো ছন্দ থাকবে না এবং খেলার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।”
তিনি আরও যোগ করেন, “এমিরেটসে এমন ঘটনা ঘটতে পারে—আমি এখানে সাত বছর ধরে আছি, এমনটি আগে কখনো ঘটেনি। এটি অনুশীলনের পরের দিনও ঘটতে পারত। এমনটা আগেও হয়েছে এবং আশা করি আর ঘটবে না। আমি কী করতে পারি? আমার কাছে যদি জাদুর বল থাকত, তবে আমি তাদের বলতাম, ‘বন্ধুরা, তোমরা জাকুজিতে যাও এবং আমি আগামীকাল তোমাদের সাথে দেখা করব’।”
এদিকে উইলিয়াম সালিবার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক খবর দিয়েছেন আর্তেতা। গ্রীষ্মকালীন বিশ্বকাপে পিঠের চোটে পড়া এই ফরাসি খেলোয়াড় অনুশীলনে ফিরেছেন।
তিনি বলেন, “সে এখন কমপক্ষে এক সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলনে ফিরেছে। এখন তার লোড এবং অনুশীলনের সেশনগুলো ব্যবস্থাপনা করার বিষয় রয়েছে। সে তার সক্ষমতা বাড়াচ্ছে এবং সামনের সপ্তাহগুলোতে তাকে আবার দলে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।”
আর্তেতা জানান, সালিবার ফেরার বিষয়টি এখনো কয়েক সপ্তাহের বিষয়। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পর তিনি পুরোপুরি ফিট হবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, “এটি একটি অত্যন্ত সুনির্দিষ্ট নিরাময় প্রক্রিয়া এবং সে কেমন প্রতিক্রিয়া দেখাবে, তা আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।”
