লিলের বিপক্ষে ম্যাচে আর্সেনাল দলে নেই পিয়েরো হিনকাপি ও মার্টিন জুবিমেন্ডি
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ম্যাচ-পরবর্তী ওয়ার্ম-ডাউনের সময় পিয়েরো হিনকাপি এবং মার্টিন জুবিমেন্ডি ইনজুরিতে আক্রান্ত হন। সপ্তাহান্তের এই ঘটনার পর সোমবার দলের অনুশীলনেও দেখা যায়নি এই দুই খেলোয়াড়কে।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানান যে, মঙ্গলবার লিলের বিপক্ষে ম্যাচে এই দুজন খেলতে পারবেন না।
আর্তেতা বলেন, “তারা দুজনেই আগামীকালের ম্যাচটি মিস করবেন, এটা নিশ্চিত। আজ তাদের আরও স্ক্যান করা হবে এবং সম্ভবত আগামীকাল আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারব। এরপর দেখা যাবে তাদের অবস্থা কেমন। পিয়েরোর চোটটা কিছুটা গুরুতর বলে মনে হচ্ছে, তবে আমাদের অপেক্ষা করতে হবে।”

আর্তেতা নিশ্চিত করেছেন যে, দুজনেরই গোড়ালিতে চোট লেগেছে। দ্য মিররের সাংবাদিক জন ক্রস জানিয়েছেন, হিনকাপি সম্ভাব্য তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।
ক্রস আরও জানান, জুবিমেন্ডির চোট অতটা চিন্তার নয় এবং তিনি সপ্তাহান্তের ম্যাচেই ফিরতে পারেন। এছাড়া তিনি স্পষ্ট করেছেন যে, এই দুটি ইনজুরি আলাদা আলাদা ঘটনায় হয়েছে।
খেলোয়াড়দের চোট পাওয়ার পরও আর্সেনালের ওয়ার্ম-ডাউন কৌশলকে সমর্থন জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেন, “যখন আপনারা ছোট পরিসরে এমন ম্যাচ খেলেন, তখন শারীরিক সংস্পর্শ থাকেই এবং এমন ঘটনা ঘটে যেতে পারে। গত মৌসুমে ৩৭ বার একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তখন এমন কিছু ঘটেনি। এখন বিষয়টি নিয়ে সবাই দেখছে এবং সন্দেহ প্রকাশ করছে।”
“আমরা শুধু খেলোয়াড়দের বলতে পারি, তারা অনেক প্রতিযোগিতামূলক, তাই অনুশীলনের সময় যেন একে অপরের সংস্পর্শে সাবধানে থাকে যাতে এমন ঘটনা এড়িয়ে যাওয়া যায়।”

জুবিমেন্ডি যদি মাত্র একটি ম্যাচ মিস করেন, তবে আর্সেনালের জন্য এটি বড় কোনো সমস্যা হবে না। দলে পর্যাপ্ত মিডফিল্ডার থাকায় একজন খেলোয়াড়ের অনুপস্থিতি সামাল দেওয়া তাদের জন্য সহজ হবে।
তবে হিনকাপির তিন সপ্তাহের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। রিকার্ডো ক্যালাফিওরির ওপর পুরোপুরি নির্ভর না করে আর্সেনালকে এখন হয়তো মাইলস লুইস-স্কেলিকে লেফট-ব্যাকে খেলাতে হতে পারে। এটি আর্তেতার জন্য নতুন এবং অনাকাঙ্ক্ষিত এক চ্যালেঞ্জ।

