ইথান এনওয়ানেরির দিকে নজর প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর, আর্সেনালের কাছে মিলান ও গ্যালাতাসারের আগ্রহ
ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার কয়েক সপ্তাহ বাকি থাকতেই ইথান এনওয়ানেরিকে নিয়ে ইউরোপীয় ক্লাবগুলোতে আগ্রহ বাড়ছে। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এসি মিলান এবং গ্যালাতাসারেসহ বেশ কিছু জার্মান ক্লাব ইতিমধ্যে আর্সেনালের সঙ্গে যোগাযোগ করেছে। আর্সেনাল কর্তৃপক্ষ মনে করছে, প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবও খুব দ্রুতই ইথান এনওয়ানেরিকে দলে নেওয়ার জন্য আর্সেনালের দরজায় কড়া নাড়তে পারে।
অবশ্য শেষ পর্যন্ত সিদ্ধান্তটি এনওয়ানেরির ওপরই নির্ভর করছে। তবে রোমানো মনে করছেন, এই গ্রীষ্মে আর্সেনাল ছাড়ার সম্ভাবনা রয়েছে এই খেলোয়াড়ের। সেটি লোন বা স্থায়ী কোনো চুক্তির মাধ্যমে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে সাংবাদিক মাত্তেও মোরেত্তো জানিয়েছেন, এসি মিলান বেশ কয়েক সপ্তাহ ধরেই এনওয়ানেরিকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা আর্সেনালের কাছে প্রাথমিক লোনের পাশাপাশি ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কেনার প্রস্তাব দিয়েছিল, তবে আর্সেনাল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্সেনালের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এনওয়ানেরিকে ছাড়লে সেটি স্থায়ী চুক্তি অথবা বাধ্যতামূলক কেনা (obligation to buy) হতে হবে, কেবল লোনের ভিত্তিতে নয়।
আর্সেনালের কমিউনিটি শিল্ড স্কোয়াডে এনওয়ানেরিকে রাখা হয়নি। বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ দলের যে খেলোয়াড়দের এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের প্রায় সবার বিরুদ্ধেই বর্তমানে বড় ধরনের ট্রান্সফার গুঞ্জন রয়েছে।
আহত জুরিয়েন টিম্বার, উইলিয়াম সালিবা এবং তৃতীয় গোলরক্ষক ইলান মেসলিয়ার বাদে স্কোয়াডে জায়গা পাননি এনওয়ানেরি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস, ফ্যাবিও ভিয়েরা এবং রেইস নেলসন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের ট্রান্সফার ডেডলাইনের আগে এই পাঁচ খেলোয়াড়ই ক্লাব ছাড়তে পারেন। আর্সেনালও এই খেলোয়াড়দের ব্যাপারে আসা প্রস্তাবগুলো বিবেচনা করতে আগ্রহী।
