ক্রিস্টাল প্যালেস থেকে তরুণ স্ট্রাইকার মাইলো বার্নার্ডকে সই করানোর পথে আর্সেনাল
দ্য টেলিগ্রাফের সাংবাদিক স্যাম ডিন জানিয়েছেন যে, ক্রিস্টাল প্যালেস থেকে ১৬ বছর বয়সী স্ট্রাইকার মাইলো বার্নার্ডকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল। চলতি সপ্তাহের শুরুতেই এই বিষয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছিল।
এর আগে ডেইলি মেইলের জন্য ইসান খান জানিয়েছিলেন, আর্সেনাল এই গ্রীষ্মে ১৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে। একাডেমি পর্যায়ে ইলাইজা আপসন (টটেনহ্যাম হটস্পার) এবং অ্যাক্সেল ডনচেভ (কার্ডিফ সিটি, যদিও চুক্তিটি এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি)-এর মতো তরুণ ফুটবলারদের দলে টানার পর এবার মাইলো বার্নার্ডকে নিজেদের ডেরায় আনতে চাইছে গানার্সরা।
গত কয়েক ট্রান্সফার উইন্ডো ধরে আর্সেনাল ধারাবাহিকভাবে তরুণ স্ট্রাইকারদের সই করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এক্ষেত্রে তারা খুব একটা সাফল্য পায়নি। গত গ্রীষ্মে আর্সেনাল ইগর টাইজনকে সই করানোর জন্য একাধিকবার বিড করেছিল, কিন্তু ব্ল্যাকবার্ন রোভারস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর টাইজন তার বর্তমান ক্লাবের সঙ্গে স্কলারশিপ চুক্তি আরও এক বছরের জন্য বাড়িয়ে নেন, যদিও আর্সেনালের আগ্রহ এখনও রয়েছে বলে শোনা যাচ্ছে।
জানুয়ারি মাসে হার্টস থেকে জেমস উইলসনকে ধারে সই করানোর চেষ্টাও করেছিল আর্সেনাল। তবে শেষ পর্যন্ত উইলসন টটেনহ্যামে পাড়ি জমান। লন্ডনে উইলসনের পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না, যার ফলে টটেনহ্যাম তাকে স্থায়ীভাবে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এই বিষয়টি নিয়ে আর্সেনাল খুব একটা আফসোস করছে না।
সব মিলিয়ে আর্সেনাল এখন বার্নার্ডের দিকে নজর দিয়েছে। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের হয়ে বেশ কয়েকবার মাঠে নেমেছিলেন এই তরুণ খেলোয়াড়। বয়স ১৬ হওয়ার সত্ত্বেও তিনি অনূর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগে ৭০৮ মিনিট খেলে ছয়টি গোল করেছেন।
বার্নার্ড ইংল্যান্ডের যুব দলেরও সদস্য। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আট ম্যাচে মাঠে নেমে তিনি চারটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন। খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, যাতে নতুন এই সাইনিং উত্তর লন্ডনে প্রি-সিজনের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে পারেন।
