নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
আর্সেনাল উইমেনস সুপার লিগে মৌসুমের শুরুর দিনের পর প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নিয়েছে তারা। তবে এই জয়টি কিছুটা বিতর্কিত পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে।
ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলেসিয়া রুশো। এর আগে বদলি খেলোয়াড় এলা মরিসের হাতের ওপর ক্যাফিঙ্কা ট্যান্ডবার্গের ক্লিয়ার করা বল আঘাত করলে এই পেনাল্টি পায় আর্সেনাল।
২০২৩ সালের মার্চের পর এই প্রথম লিগের কোনো ম্যাচে এগিয়ে থেকেও পরাজয় বরণ করল স্পার্স। পাশাপাশি এই ম্যাচে অ্যালিস সোমবাথের গুরুতর ইনজুরি দলটির জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের ১৩ মিনিটে কর্নার থেকে স্টেফানি ক্যাটলি, জর্জিয়া স্ট্যানওয়ে ও এমিলি ফক্সের ত্রয়ীকে টপকে হেড করে গোল করেন ট্যান্ডবার্গ। তবে চার মিনিট পরেই রুশোর পাসে দারুণ এক গোল করে আর্সেনালকে সমতায় ফেরান স্ট্যানওয়ে।
পরে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রুশো। ম্যাচ শেষে বিবিসি ওয়ানকে তিনি বলেন, অনুশীলনে নিয়মিত পেনাল্টির ওপর কাজ করেছেন তিনি।
রুশো বলেন, “আমি অনুশীলনে পেনাল্টি নিয়ে নিয়মিত কাজ করেছি। আমরা জানতাম যে আজ কঠিন মুহূর্তে আমাদের কারো না কারো দায়িত্ব নিতে হবে। সময়টা আমাদের জন্য খুব কঠিন ছিল, তবে সবাই ভালো খেলেছে।”
এই জয় আর্সেনালের কোচ রেনি স্লেগার্সের ওপর থেকে চাপ কিছুটা কমাল। দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে চাকরি হারানোর ঝুঁকিতে ছিলেন তিনি। স্লেগার্সের হাত ধরেই ১৮ মাস আগে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল।
ম্যাচ শেষে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে সমর্থকদের সাথে জয় উদযাপন করেন আর্সেনাল খেলোয়াড়রা। স্লেগার্স বলেন, “এখন স্বস্তি অনুভব করছি। খেলোয়াড়দের জন্য আমি খুব খুশি, তারা কঠিন সময়েও হাল ছাড়েনি। এটি আমাদের জন্য সঠিক পথে ফেরার একটি পদক্ষেপ।”
তিনি আরও যোগ করেন, “আমরা বেশ সাহসী ছিলাম এবং বল দখলে রেখে আধিপত্য বিস্তার করেছি। সব মিলিয়ে পারফরম্যান্স ভালো ছিল।”
আগামী ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বেনফিকার মুখোমুখি হবে আর্সেনাল। এরপর সপ্তাহান্তে লিগের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। টানা জয়ের ধারা বজায় রাখাই এখন আর্সেনালের লক্ষ্য।
