টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়া নিয়ে প্রমাণের ফাইল তৈরি করছেন মিকেল আর্তেতা
প্রিমিয়ার লিগের ম্যানেজারদের সতর্ক থাকার বার্তা দিলেন মিকেল আর্তেতা। টেকনিক্যাল এরিয়ার বাইরে বেরিয়ে আসার কারণে আর্তেতা ইদানীং বেশ পরিচিতি পেয়েছেন, তবে আর্সেনাল কোচ দাবি করছেন যে তিনি অন্য অনেকের চেয়ে কম দোষী।
শনিবার এভারটনের বিরুদ্ধে গানারদের জয়ের ম্যাচে টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়ার জন্য আর্তেতা মৌসুমের দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেছেন। এরপরই তিনি জানিয়েছেন, প্রিমিয়ার লিগের অন্য ম্যানেজাররাও নিয়ম লঙ্ঘন করলেও পার পেয়ে যাচ্ছেন এবং তার কাছে এ বিষয়ে অকাট্য প্রমাণ রয়েছে।
আর্তেতা বলেন, “আমাকে সতর্ক থাকতে হবে। তাদের উচিত সেখানে সেন্সর বসিয়ে দেওয়া।”
তিনি আরও যোগ করেন, “লিগে এমন ম্যানেজার আছেন, যারা ১০ মিনিটের মধ্যে ৩৬ বার টাচলাইনের বাইরে চলে যান—তবুও তাদের কোনো হলুদ কার্ড দেখানো হয় না।”
নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে আর্তেতা বলেন, “আমি এগুলোর সব ক্লিপ সংগ্রহ করে রাখছি। আমার কাছে এখন অনেক ছবি জমা হয়েছে। কেউ যদি আমাকে এসে কিছু বলে, আমি দেখাতে পারব যে আমার রেকর্ড এখনো সবার চেয়ে বেশি নয়। অন্য কেউ এই রেকর্ডের মালিক, দেখা যাক কী হয়।”
আর্তেতা কিছুটা মজা করেই বলেন, “তাহলে তো ১০ মিনিটে ম্যানেজারদের ৩৬টি হলুদ কার্ড দেখাতে হবে। জানি না এরপর কী হবে, দেখা যাক।”
টাচলাইনের বাইরে ঘোরাঘুরির এই ছবিগুলো দিয়ে আর্তেতা কী করতে চাইছেন বা কোন রহস্যময় ম্যানেজার এই রেকর্ড গড়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। তবে এপ্রিল ২০২৫-এ বিবিসি স্পোর্টসের এক গবেষণা অনুযায়ী, বর্তমান প্রিমিয়ার লিগের কোচদের মধ্যে অ্যাস্টন ভিলার উনাই এমেরি সবচেয়ে বেশি সময় টেকনিক্যাল এরিয়ার বাইরে কাটিয়েছেন। তিনিই কি সেই ব্যক্তি?
সব রহস্য উন্মোচিত না হওয়া পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যানেজারদের সতর্ক থাকতে হবে, কারণ আর্তেতা সবার ওপর নজর রাখছেন।
