২০২৬ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের মুখোমুখি স্পেন, ঘোষিত চূড়ান্ত একাদশ
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন এবং ২০১৮ সালের বিজয়ী ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ব্লকবাস্টার ম্যাচটি শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্বের অন্যতম সেরা দুই দলের এই লড়াইয়ের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মতো আজকের গুরুত্বপূর্ণ ম্যাচেও স্পেনের শুরুর একাদশে বার্সেলোনার তিন তারকা জায়গা পেয়েছেন। ১৯তম জন্মদিন পালন করা তরুণ তুর্কি লামিন ইয়ামাল ডান প্রান্তে খেলবেন। দিদিয়ের দেশমের ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ে তার পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা দানি ওলমো আবারও আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। এছাড়া তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিও স্পেনের শুরুর একাদশে থাকছেন। কিলিয়ান এমবাপ্পের মতো ফরোয়ার্ডের আক্রমণ সামলানোই এখন তার প্রধান চ্যালেঞ্জ।
তবে টানা দ্বিতীয়বারের মতো স্পেনের শুরুর একাদশে রাখা হয়নি বার্সেলোনার তারকা মিডফিল্ডার পেদ্রিকে। বেলজিয়ামের বিপক্ষে গত ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। ওই ম্যাচে ফাবিয়ান রুইজ দারুণ পারফর্ম করে গোল পাওয়ায়, আজ ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও তার ওপরই আস্থা রেখেছেন কোচ দে লা ফুয়েন্তে।
এছাড়া স্পেনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এরিক গার্সিয়া, জোয়ান গার্সিয়া, গাভি এবং ফেরান তোরেস বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে অপেক্ষায় থাকবেন।
