বিশ্বকাপ ফাইনাল: ট্রাম্পের হ্যান্ডশেক এড়িয়ে আলোচনায় আর্জেন্টিনার রোমেরো
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেডেল প্রদান অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে গেছেন আর্জেন্টিনার সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে। ম্যাচের ১০৬ মিনিটে ফেরান তোরেস গোল করে ‘লা রোজা’দের ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেন। এর আগে ২০১০ সালে একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।
আর্জেন্টিনার রক্ষণভাগের মূল খেলোয়াড় হিসেবে ম্যাচটি শুরু করেছিলেন রোমেরো। তার সঙ্গে রক্ষণভাগে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে ৭০ মিনিটের মাথায় ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় রোমেরোকে। এর আগে প্রথমার্ধের শেষের দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তার সঙ্গী লিসান্দ্রো মার্টিনেজও।
ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও মেডেল প্রদান অনুষ্ঠানে ঠিকই নজর কেড়েছেন ২৮ বছর বয়সী এই টটেনহ্যাম ডিফেন্ডার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামকে মেডেল দেওয়ার সময় রোমেরো তাদের সঙ্গে করমর্দন করলেও মাঝখানে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত মেলানোর প্রস্তাব এড়িয়ে যান।
গত গ্রীষ্মে চেলসি যখন একই স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিল, তখন ট্রাম্প শিরোনামে এসেছিলেন। সে সময় ব্লুজ অধিনায়ক রিস জেমসের সঙ্গে ট্রফি উদযাপনের মূল কেন্দ্রে দেখা গিয়েছিল তাকে।
এবারের ফাইনাল শেষে স্পেনকে ট্রফি দেওয়ার পর ট্রাম্প ট্রফি উত্তোলনের ছবির ফ্রেমে থাকার জন্য দলের কাছাকাছি চলে আসেন। যদিও পরে ফিফা সভাপতি ইনফান্তিনো তাকে দৃশ্যপট থেকে সরে যেতে ইশারা করেন। রবিবার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে দর্শকদের মাঝে ট্রাম্পকে ঘিরে স্পষ্ট বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় এবং গ্যালারি থেকে দুয়ো শোনা যায়।
ট্রাম্প যখন ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করেন, তখন উপস্থিত দর্শকরা ব্যাপক চিৎকার ও শিস দিয়ে প্রতিবাদ জানান। এই সময় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং নিউক্যাসলের চেয়ারম্যান ইয়াসির আল-রুমায়ানসহ বেশ কয়েকজন অতিথির সঙ্গে করমর্দন করেন ট্রাম্প। স্টেডিয়ামের স্বাভাবিক কোলাহল ছিল ৭৮ ডেসিবেল, যা দুয়োধ্বনির সময় ৮৪ ডেসিবেলে পৌঁছেছিল।
উল্লেখ্য, চার বছর আগে কাতারে আর্জেন্টিনা যে দল নিয়ে বিশ্বকাপ জিতেছিল, সেই দলেরই সদস্য ছিলেন রোমেরো। তবে এবার ফাইনালে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
