আর্সেনালের বিপক্ষে ম্যাচে বায়ার্ন দলে থাকছেন না জশুয়া কিমিচ
বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে থাকছেন না মিডফিল্ডার জশুয়া কিমিচ।
বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ঘরের মাঠের ম্যাচে জশুয়া কিমিচ খেলতে পারবেন না। পারিবারিক শোকের কারণে তিনি এই ম্যাচে দলের বাইরে থাকছেন। মিউনিখ ক্লাব আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে ক্লাবটি জানায়, “এফসি বায়ার্নের প্রত্যেকে জশুয়া কিমিচের পাশে আছে এবং তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”
একই সাথে পরিবারের পক্ষ থেকে ক্লাবের কাছে অনুরোধ করা হয়েছে যেন তাদের গোপনীয়তা ও শোককে সম্মান জানানো হয়। এছাড়া এ বিষয়ে যেন আর কোনো বাড়তি অনুসন্ধান বা সংবাদ প্রচার না করা হয়, সেই অনুরোধও জানিয়েছে পরিবার। এর আগে মঙ্গলবার দলের শেষ অনুশীলনেও অংশ নিতে পারেননি কিমিচ। বায়ার্নের পক্ষ থেকে শুরুতে কেবল ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হয়েছিল।
কিমিচের পাশাপাশি এই ম্যাচে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নরা ফরোয়ার্ড মাইকেল ওলিসকেও পাচ্ছে না, যিনি নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে আছেন।
