ফুটবলে ভিএআর (VAR) ব্যবহার নিয়ে অসন্তুষ্টি, নতুন পোর্টাল চালু উয়েফার
ইউরোপের শীর্ষ লিগগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর উয়েফার রেফারি প্রধান রবার্তো রোসেত্তি জানিয়েছেন, ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির অনেক পর্যালোচনা ফুটবলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
ভিএআর কখন হস্তক্ষেপ করবে আর কখন করবে না, তা নিয়ে ভক্তদের ধারণা স্বচ্ছ করতে উয়েফা ‘ক্লিয়ার লাইন’ (Clear Line) নামে একটি নতুন পোর্টাল চালু করেছে। ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ইতালির শীর্ষ রেফারি কর্মকর্তারা রোসেত্তি এবং আইএফএবি-এর টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এলেরের সঙ্গে বৈঠক করেন। তাদের মূল লক্ষ্য ছিল সিদ্ধান্তের ক্ষেত্রে আরও সামঞ্জস্য আনা।
রোসেত্তি বলেন, “আমরা বুঝতে পারছি যে ফুটবলে ভিএআরের প্রভাব নিয়ে বর্তমানে কেউই পুরোপুরি সন্তুষ্ট নয়। তাই আমরা অতি সূক্ষ্ম বিষয়গুলো এড়াতে চাই। এটি ফুটবল, প্লে-স্টেশন নয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে। রেফারিকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। স্পষ্ট এবং নিশ্চিত ভুলের ক্ষেত্রেই কেবল প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত।”
তবে বিভিন্ন লিগে নিয়ম ব্যাখ্যার ভিন্নতা থাকায় সবখানে এক ধরনের সিদ্ধান্ত বজায় রাখা কঠিন বলে স্বীকার করেন রোসেত্তি। বিশেষ করে হ্যান্ডবল নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতি ১৭.২৭ ম্যাচে একটি হ্যান্ডবলের পেনাল্টি দেওয়া হয়েছে, যা ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বনিম্ন। বিপরীতে চ্যাম্পিয়নস লিগে প্রতি সাত ম্যাচে একটি পেনাল্টি দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ।
রোসেত্তির মতে, বর্তমানে ভিএআরের হস্তক্ষেপের পরিমাণ অনেক বেড়ে গেছে, যা খেলোয়াড়দের আচরণেও প্রভাব ফেলছে। তিনি বলেন, “আমরা ভিএআরের আদি উদ্দেশ্যের দিকে ফিরে যেতে চাই। আমরা চাই মাঠের রেফারিদের পুনরায় মূল অবস্থানে ফিরিয়ে আনতে।”
ভিএআর পর্যালোচনায় দীর্ঘ সময় নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোসেত্তি। তার মতে, ৯০ সেকেন্ডের বেশি সময় নিলে সেটি গ্রহণযোগ্যতা হারায়। নতুন প্রোটোকল অনুযায়ী, রেফারিরা মনিটরে প্রথমে একটি ফ্রিজ-ফ্রেম দেখবেন, এরপর অর্ধেক গতিতে এবং সবশেষে পূর্ণ গতিতে চ্যালেঞ্জের তীব্রতা যাচাই করবেন।
রোসেত্তি আরও বলেন, “আমরা এমন রেফারি চাই যাদের ব্যক্তিত্ব আছে এবং যারা মাঠে সিদ্ধান্ত নিতে পারেন। ভিএআর কেবল তখনই আসবে যখন পরিস্থিতি একদম স্পষ্ট এবং নিশ্চিত। আমরা চাই না খুব বেশি রিপ্লে দেখানো হোক। ফুটবল স্বাভাবিক গতিতে খেলা হয়, তাই মাঠের পরিস্থিতির প্রেক্ষাপট বোঝা জরুরি।”
‘ক্লিয়ার লাইন’ পোর্টালটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে। পেনাল্টি, রেড কার্ড, আক্রমণাত্মক ফাউলসহ বিভিন্ন বিষয়ে ভিডিও উদাহরণের মাধ্যমে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। রোসেত্তি জানান, এটি কেবল রেফারিদের জন্য নয়, বরং ক্লাব, খেলোয়াড় এবং ভক্তদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা ম্যাচ শেষে কোনো বিতর্কিত ঘটনার সঠিক ব্যাখ্যা খুঁজে নিতে পারেন।
