ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিনেদিন জিদান
দিদিয়ের দেশমের দীর্ঘ ও সফল অধ্যায়ের অবসানের পর ফ্রান্স তাদের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়োগ দিতে যাচ্ছে। ফরাসি ফুটবল ফেডারেশন এই মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জিদানের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে ফেডারেশন।
৫৪ বছর বয়সী জিদান ইতিমধ্যে তার কোচিং স্টাফ চূড়ান্ত করেছেন। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করবেন।
ফ্রান্সের অন্যতম প্রতিভাবান দলটির দায়িত্ব গ্রহণ করবেন জিদান। আগামী উয়েফা নেশনস লিগ দিয়ে তিনি তার নতুন যাত্রা শুরু করবেন। এরপর ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপের সাফল্যই হবে তার মূল লক্ষ্য।
এই সপ্তাহান্তেই ফ্রান্সের কোচ হিসেবে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন দেশম। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো ‘লে ব্লুস’দের পরিচালনা করবেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে জিদানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
বিদায়ী এই কোচ ফ্রান্সকে ২০১৮ সালে বিশ্বকাপ জয়, ২০২১ সালে উয়েফা নেশনস লিগ শিরোপা এবং ২০২২ সালে আরেকটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রেখে এক অনন্য উত্তরাধিকার তৈরি করেছেন তিনি। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ফেডারেশন।
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই জিদানের ফ্রান্স দলের কোচ হওয়ার গুঞ্জন ছিল। দীর্ঘ বিরতির পর আবারও কোচিংয়ে ফিরছেন তিনি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকাকালীন তিনি টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে নিজেকে অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
খেলোয়াড় হিসেবেও জিদান ফরাসি ফুটবলে কিংবদন্তি। ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ইউরো ২০০০ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৮ সালে তিনি ব্যালন ডি’অরও জয় করেন।
এখন দেখার বিষয়, কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন চুয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা এবং মাইকেল ওলিসের মতো তারকাদের নিয়ে গড়া দলটিকে জিদান কীভাবে সাজান। বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের ছন্দহীনতা নিয়ে সমালোচনা হওয়ায়, জিদান দলের খেলার ধরনে পরিবর্তন আনবেন বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। এ বছর নেশনস লিগের ম্যাচ দিয়েই তিনি কোচ হিসেবে তার প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় নামবেন। ফ্রান্স ফুটবলে জিদানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
