ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেলেন পেপ গার্দিওলা, পরিকল্পনায় বেশি গুরুত্ব
স্কাই স্পোর্ট ইতালিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পেপ গার্দিওলার বেতন কোনো বাধা নয়। নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার বিশেষ উপদেষ্টা লিওনার্দো ইতালির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে আলোচনার জন্য সরাসরি সাক্ষাৎ করেছেন এবং চার বছর মেয়াদী একটি পরিকল্পনা তুলে ধরেছেন।
ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো স্পেনে গিয়ে সপ্তাহব্যাপী গার্দিওলার সাথে একাধিক বৈঠক করেছেন।
তাকে ইতালির জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। টানা তিনবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালিয়ান ফুটবলের হতাশাজনক অধ্যায় শেষ করতে তার ওপরই আস্থা রাখছে দেশটি।
শুরুতে ধারণা করা হয়েছিল, ম্যানচেস্টার সিটির সাবেক এই ম্যানেজারের বিশাল বেতন ইতালির জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু স্কাই স্পোর্ট ইতালিয়া দাবি করেছে, বেতন নিয়ে কোনো সমস্যা নেই। কারণ, গার্দিওলার মূল মনোযোগ এখন ইতালিয়ান ফুটবলের পুনর্গঠনে একটি পূর্ণাঙ্গ প্রকল্পের ওপর।
জানা গেছে, গার্দিওলা এখন পর্যন্ত দরজা বন্ধ করেননি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তার চার বছরের পরিকল্পনায় ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নেশনস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পাশাপাশি যুব দল থেকে খেলোয়াড় তুলে আনার ওপর জোর দেওয়া হবে।
ইতালিয়ান ফুটবলের সাথে গার্দিওলার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি ক্যারিয়ারে ব্রেসিয়া ও রোমার হয়ে খেলেছেন। সেই সময়ে ব্রেসিয়ার কোচ কার্লো মাজোনের সাথে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া মালদিনির সাথেও তার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এই ইতালিয়ান কিংবদন্তিকে উৎসর্গ করেছিলেন গার্দিওলা।
গার্দিওলা সাবলীলভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন। ছুটিতে তিনি নিয়মিত ইতালিতে আসেন এবং পুরনো সতীর্থ ও কোচদের সাথে সময় কাটান।
