৭৫ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ম্যানেজার কেভিন কিগান ৭৫ বছর বয়সে মারা গেছেন। ক্যানসার ধরা পড়ার সাত সপ্তাহ পর তাঁর পরিবারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তিনি চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন।
ইংলিশ ফুটবলের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিত কেভিন কিগান তাঁর বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে স্কানথর্প ইউনাইটেড, লিভারপুল, হামবুর্গ, সাউদাম্পটন এবং নিউক্যাসলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। পরবর্তী সময়ে তিনি নিউক্যাসল, ফুলহ্যাম, ইংল্যান্ড জাতীয় দল এবং ম্যানচেস্টার সিটির ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
চলতি বছরের জুন মাসে কেভিন কিগান জানিয়েছিলেন যে তিনি চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত। এটি ক্যানসারের সবচেয়ে জটিল পর্যায়, যার অর্থ হলো রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।
কিগানের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শেষ সময়ে স্ত্রী ও কন্যারা তাঁর পাশে ছিলেন। বিবৃতিতে বলা হয়, “দুবারের ব্যালন ডি’অর জয়ী কেভিন একজন অত্যন্ত প্রিয় স্বামী, বাবা এবং দাদা ছিলেন। এই কঠিন সময়ে পরিবার কেভিনের চিকিৎসা দলের সবাইকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।”
নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলা হয়, “নিউক্যাসলের ইতিহাসে কেভিন কিগান অন্যতম আইকনিক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি কেবল একজন কিংবদন্তি ফুটবলার বা ম্যানেজার ছিলেন না, তিনি বহু প্রজন্মের সমর্থকদের হৃদয়ে বেঁচে থাকবেন।”
ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, “কেভিনের প্রভাব কেবল ম্যাচ বা ফলাফলের মাধ্যমে পরিমাপ করা যাবে না। ক্লাব এবং দেশের হয়ে তিনি যে স্মৃতি তৈরি করেছেন এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে যে স্বপ্নের বীজ বুনেছেন, তা চিরকাল বেঁচে থাকবে।”
