১৫ বছর বয়সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক, নতুন রেকর্ডের পথে জেজে গ্যাব্রিয়েল
আপনার ১৫ বছর বয়স যখন ছিল, তখন আপনি কী করছিলেন? হয়তো হাজার হাজার দর্শকের সামনে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের হয়ে মাঠে নামার কথা কল্পনাও করেননি। কিন্তু জেজে গ্যাব্রিয়েল ঠিক সেটাই করে দেখালেন। পরশুদিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক প্রীতি ম্যাচে এই বিস্ময়বালক মাঠে নামেন। ইংল্যান্ডে ইতিমধ্যেই তাকে ‘কিড মেসি’ নামে ডাকা হচ্ছে।
ম্যাচের ৮২তম মিনিটে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হয়। মাত্র ১৫ বছর ২৯৯ দিন বয়সে ইউনাইটেডের সিনিয়র দলের জার্সি গায়ে জড়িয়ে তিনি ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।
বয়স কম হওয়ার কারণে সিনিয়র খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম শেয়ার করার অনুমতি সম্ভবত তার ছিল না। ‘এক্স’-এ ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, তার জন্য আলাদা একটি ছোট ড্রেসিংরুমের ব্যবস্থা করা হয়েছিল।
তবে এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এই তরুণ তুর্কি। এর আগেও আর্সেনাল এবং চেলসির মতো ক্লাবের একাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে জেজে গ্যাব্রিয়েলের। মাত্র ১৪ বছর বয়সে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৮ লিগে অভিষেক হয়েই তিনি এক রেকর্ড গড়েছিলেন। গত মৌসুমে ২৬টি ম্যাচে ২৬টি গোল করে তিনি বয়সভিত্তিক লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
জেজে গ্যাব্রিয়েল যদি ভবিষ্যতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন, তবে তিনি রেড ডেভিলদের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটিও ভেঙে দিতে পারেন। বর্তমানে এই রেকর্ডটি ১৬ বছর ১৯ দিন বয়সে খেলা ডেভিড গাসকেলের দখলে রয়েছে।
