ইন্টার মিলানে ফেরার গুঞ্জন উসকে দিলেন মাতেও কোভাচিচ
মাতেও কোভাচিচ তার পুরনো ক্লাব ইন্টার মিলানকে ভুলে যাননি। ম্যানচেস্টার সিটির হয়ে ইন্টারের বিপক্ষে খেলতে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পর থেকেই ইতালির সান সিরোতে তার ফেরার গুঞ্জন নতুন করে চাউর হয়েছে।
তুত্তোমের্কাতোওয়েব-এর তথ্য অনুযায়ী, হংকংয়ে দুই দলের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সময় এই যোগাযোগ হয়।
ইন্টার মিলান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ৩২ বছর বয়সী ক্রোয়েশিয়ান তারকা স্বদেশি পেতার সুচিচের সঙ্গে গভীর আলাপ করছেন। সেই সঙ্গে ফেদেরিকো দিমার্কো এবং সহকারী কোচ আলেকজান্ডার কোলারভের সঙ্গেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায়। এই পুনর্মিলনী তাদের ক্লাবে ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
কোভাচিচকে ফেরাতে মিডফিল্ডারে রদবদল চায় ইন্টার
মাতেও কোভাচিচকে নিয়ে এই গুঞ্জন অবশ্য নতুন নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জানা গেছে, কোভাচিচের প্রতিনিধিরা তাকে ইন্টার কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেছেন। তবে ক্লাবটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, নতুন কাউকে নিতে হলে আগে বর্তমান স্কোয়াড থেকে খেলোয়াড় ছাড়তে হবে।
ক্রিস্তিয়ান আসলানি এবং দাভিদে ফ্রাত্তেসির মতো খেলোয়াড়দের দল ছাড়ার কথা শোনা গেলেও, তাদের দলবদল এখনও চূড়ান্ত হয়নি। ফলে এই মুহূর্তে মিডফিল্ডে নতুন খেলোয়াড় নেওয়ার মতো জায়গা ফাঁকা নেই। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে এখনও প্রায় এক মাস বাকি থাকায়, শেষ পর্যন্ত পরিস্থিতি বদলানোর সুযোগ রয়েছে।
ইন্টারে ফিরলে এটি হবে কোভাচিচের পুরনো ডেরায় প্রত্যাবর্তন, যেখানে তিনি ইউরোপীয় ফুটবলে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই মৌসুম ইন্টারের হয়ে খেলেছিলেন ক্রোয়েশিয়ান এই তারকা। ডিনামো জাগরেব থেকে ১১ মিলিয়ন ইউরোতে তাকে কিনেছিল ইন্টার, পরে ৩৮ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে বেশ মুনাফাও অর্জন করেছিল ইতালিয়ান ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা কোভাচিচ এখন তার ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা পেতে চাইছেন, আর তার জন্য মিলান নিঃসন্দেহে একটি আকর্ষণীয় গন্তব্য।
