বিশ্বকাপ ফাইনালে হাতাহাতি: লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে ছড়িয়ে পড়া হাতাহাতির ঘটনায় লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি। প্রাথমিক কিছু সংবাদমাধ্যমে তাকে বহিষ্কারের খবর দেওয়া হলেও তা সঠিক নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা।
নিউ জার্সিতে অনুষ্ঠিত রবিবারের এই ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জয়ের উল্লাসে স্পেনের বদলি খেলোয়াড়রা মাঠে দৌড়ে এলে এই উত্তজনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত হয় যখন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের অধিনায়ক রদ্রির পেটে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এরপর মিডফিল্ডার পারেদেস নিজেই একটি সহিংস ঘটনায় জড়িয়ে পড়েন। তিনি স্পেনের এরিক গার্সিয়াকে দৌড়ে গিয়ে গলা চেপে ধরেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরবর্তীতে পারেদেস স্পেনের গাভিকেও মাটিতে ফেলে দেন এবং তার সাবস্টিটিউট বিব ধরে টানাহেঁচড়া করেন।
পরিস্থিতি শান্ত করতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে দ্রুত দৌড়ে মাঠে নামতে হয়।
আইটিভি (ITV) ও বিবিসি (BBC)-সহ বেশ কিছু টিভি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছিল যে, পারেদেসকে এই ঘটনার জন্য লাল কার্ড দেখানো হয়েছে। কিন্তু ফিফার সূত্রগুলো ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-কে নিশ্চিত করেছে যে, বিষয়টি সত্য নয়। রেফারি স্লাভকো ভিনচিচ তাকে লাল কার্ড দেখিয়েছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ইতিমধ্যে ফিফা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিষয়টি পর্যালোচনার জন্য একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
ফিফার এক বিবৃতিতে জানানো হয়, “স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা এবং ফিফা ডিসিপ্লিনারি কোডের (এফডিসি) ৩৬ ধারা অনুযায়ী, ম্যাচ পরবর্তী ঘটনাগুলো তদন্ত করার জন্য একজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।” প্রসিকিউটরের রিপোর্ট জমা দেওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলেও জানানো হয়েছে।
ফিফার অফিসিয়াল ম্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী, পারেদেসকে এই ম্যাচে কোনো লাল কার্ড দেখানো হয়নি। তিনি দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কেবল একটি হলুদ কার্ড পেয়েছিলেন।
ম্যাচে একমাত্র এনজো ফার্নান্দেজকেই লাল কার্ড দেখানো হয়েছে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে স্পেনের তরুণ খেলোয়াড় পাউ কুবর্সিকে ফাউল করার দায়ে এনজো দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, যার ফলে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন খেলোয়াড়কে।
