সাকোর অনুপস্থিতিতে আর্সেনালে সুযোগ পাবেন তরুণ ম্যাক্স ডাউম্যান
খবর অনুযায়ী, আর্সেনাল তারকা বুকাও সাকো আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই পরিস্থিতিতে দলের আক্রমণভাগের বিকল্প খেলোয়াড় নির্বাচন নিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন কোচ মিকেল আর্তেতা।
সাকোর স্বাভাবিক বিকল্প হিসেবে ননি মাডুয়েকে থাকলেও ক্রিস্টোস জোলিসের অনুপস্থিতির কারণে তাকে বামপ্রান্তে খেলতে হচ্ছে। যদিও এবেরিচি এজে বামপাশে খেলতে পারেন, কিন্তু মাডুয়েকে ও এজের বাইরে দলের হাতে খুব কম বিকল্পই রয়েছে। এই পরিস্থিতিতে ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান দলের অন্যতম বিকল্প হিসেবে উঠে এসেছেন এবং শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সাকোর অনুপস্থিতিতে ডাউম্যানের খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্তেতা বলেন, “সে অনুশীলন করছে। যখনই সে খেলার সুযোগ পেয়েছে, তখনই সে প্রমাণ করেছে যে ম্যাচে প্রভাব ফেলার মতো খেলোয়াড় সে। তাই নিশ্চিতভাবেই সে খেলার সময় পাবে।”
তিনি আরও যোগ করেন, “আর্সেনালের পরিবেশ অন্যান্য ক্লাবের চেয়ে আলাদা। এখানে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রগুলো অনেক সীমিত। ডাউম্যানকে তা বুঝতে হবে। সে শিখতে আগ্রহী এবং কঠোর পরিশ্রম করছে। তবে একটি অভ্যাসে অভ্যস্ত হতে সময় লাগে। তার প্রতিভা ও খেলার স্বাধীনতার দিকটি আমরা কেড়ে নিতে পারি না, কারণ সে অনন্য কিছু করার ক্ষমতা রাখে।”

খুব কম বয়সেই ডাউম্যান আর্সেনালের মূল দলের হয়ে নিজের প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। গত মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টি আদায় করা, এভারটনের বিপক্ষে গোল এবং গত মাসে ইপসউইচ টাউনের বিপক্ষে ‘প্লেয়ার অফ দ্য রাউন্ড’ পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
এখন বড় প্রশ্ন হলো, সে নিয়মিত পারফর্ম করার জন্য প্রস্তুত কি না। সচরাচর তার বয়সী খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে নিয়মিত ফুটবল খেলার সুযোগ পান না। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৬ বছর বয়সে খুব কম খেলোয়াড়ই নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। ডাউম্যান নতুন কিছু করে দেখাতে পারেন কি না, তা এখন আর্তেতার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

