সেনেগালের নতুন কোচ হওয়ার দৌড়ে প্যাট্রিক ভিয়েরা
ফরাসি গণমাধ্যম লেকিপের (L’Équipe) প্রতিবেদন অনুযায়ী, সেনেগাল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে যেতে পারেন পাপে থিয়াও। তাঁর পরিবর্তে প্যাট্রিক ভিয়েরা দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর শনিবার সেনেগালের ফুটবল ফেডারেশন তাদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করবে। আফ্রিকার এই দেশটি চলতি বছরের শুরুর দিকে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়েছিল। তবে বিশ্বকাপে তারা রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেয়। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মেনেছে সেনেগাল। বেলজিয়ামের দ্রুত দুই গোল এবং ইনজুরি টাইমে ইউরি তিলেমানসের জয়সূচক গোলের কারণে থিয়াওয়ের শিষ্যরা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
বিশ্বকাপ থেকে দলের এমন বিদায়ের ফলে জাতীয় দলের কোচ হিসেবে পাপে থিয়াওয়ের অবস্থান বর্তমানে নড়বড়ে। আজই তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ফেডারেশন। লেকিপের তথ্যমতে, ফেডারেশনের অনেক সদস্যই প্যাট্রিক ভিয়েরাকে কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী।
ফ্রান্সের এই তারকা ফুটবলার সেনেগালের রাজধানী ডাকারে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি দেশটির অন্যতম বড় প্রশিক্ষণ কেন্দ্র ‘ডিয়াম্বারস’-এ বিনিয়োগ করেছেন। গত নভেম্বরে জেনোয়া থেকে বিদায় নেওয়ার পর বর্তমানে তিনি কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নেই।
